প্রকল্পে যুক্ত হবে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ
প্রকল্পের দরপত্র ও ক্রয় পরিকল্পনা পর্যালোচনায় বিশেষজ্ঞ ও মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার পরিকল্পনা কমিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি টাকা।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের ক্রয় পরিকল্পনা নিখুঁত করতে এখন থেকে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত করা হবে। এ ছাড়া পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। প্রকল্পের রেড শিডিউল নিশ্চিত করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে। সব প্রকল্প নজরদারিতে আনতে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) লোকবল বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।
জুনায়েদ আবদুর রহিম সাকি বলেন, 'রেড শিডিউলে সব জিনিসের দর থাকে না। নতুন অনেক যন্ত্রপাতি থাকে, যেটার বাজারদর সম্পর্কে ধারণা থাকে না। তাই এসব ক্ষেত্রে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা হবে।' এ সময় তিনি আরও জানান, হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চিকিৎসক ও নার্সের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
একনেক সভা থেকে দুটি প্রকল্প অধিকতর পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প রয়েছে, যার বিলম্ব ও অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বরিশালে সেতু নির্মাণের আরেকটি প্রকল্পও ফেরত দেওয়া হয়েছে, কারণ আগের একটি প্রকল্পের অনিয়মের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়নি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (২য় সংশোধন), যশোর, কক্সবাজার ও পাবনায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন এবং ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ২ হাজার ৫০০ কোটি টাকার গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে, যার আওতায় ২৪টি উপজেলায় সড়ক ও সেতু নির্মাণ করা হবে। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চরফ্যাশন স্বাস্থ্যসেবা কেন্দ্র, পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর পল্লি অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ মাটির রাস্তা হেরিং বোন বন্ডকরণ, পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধন এবং পেকুয়া উপজেলায় পোল্ডার পুনর্বাসন প্রকল্প।