পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইংরেজি, হিন্দি ও বাংলা—তিন ভাষাতেই রাজ্যের নতুন নাম হবে ‘পশ্চিমবঙ্গ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানান, রাজ্যের নাম পরিবর্তন করে ইংরেজি, হিন্দি ও বাংলা—এই তিন ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনিক নথিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামটি আর রাখা হবে না।
বিজ্ঞাপন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ডিসেম্বর মাসের গোড়ার দিকে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবটি উত্থাপন করা হবে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। বিধানসভায় পাস হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি কেন্দ্রীয় সরকার ও সংসদে পাঠানো হবে।
রাজ্য সরকারের যুক্তি অনুযায়ী, ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের আদ্যক্ষর ‘ডব্লিউ’ হওয়ায় বর্ণানুক্রমিক তালিকায় রাজ্যের অবস্থান থাকে একেবারে শেষে। এর ফলে দিল্লিতে সর্বভারতীয় সভায় রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ আসে সবার শেষে। এই অসুবিধা দূর করতেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগেও রাজ্যে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০১৮ সালে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব পাস করেছিল। তার আগে বামফ্রন্ট সরকারের আমলেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। তবে অতীতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার এবং নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এসব পরিবর্তন অনুমোদন করেনি।
বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য উভয় জায়গায় বিজেপি সরকার ক্ষমতায় থাকায় প্রস্তাবটি অনুমোদনের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে নাম পরিবর্তনের এই উদ্যোগ নিয়ে ভিন্নমতও রয়েছে। ইতিহাসবিদ ও প্রাবন্ধিক গৌতম বসুমল্লিক বলেন, ‘এ বিষয়টি নতুন কিছু নয়; বরং নিছক চমক। এসব ছাড়াও রাজ্যে আরও নানান সমস্যা রয়েছে, যার আশু সমাধান প্রয়োজন।’
বিজ্ঞাপন
গৌতম বসুমল্লিকের মতে, ১৯৪৭ সালে বাংলাকে ভাগ করার সময় ভারতের ভাগে থাকা অংশটি পশ্চিমবঙ্গ হিসেবে পরিচিতি পায়, যদিও পূর্ব ও পশ্চিম বাংলার ধারণা জনমানসে আরও আগে থেকেই ছিল। এদিকে বুদ্ধিজীবীদের একাংশ মনে করছেন, নাম পরিবর্তন করা হলে সাইনবোর্ড, গ্লো সাইন, দরখাস্তের ফরম ও চিঠির প্যাডসহ সরকারি নথিপত্র বদলাতে বিপুল আর্থিক খরচ হবে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই চাপ সৃষ্টি করবে।