শহীদ হাদি হত্যার বিচার দাবিতে মাসব্যাপী কর্মসূচি
১৮ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল ও ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এই কর্মসূচিগুলোর কথা জানান।
বিজ্ঞাপন
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জুলাইয়ের বিভিন্ন অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা, কফিন মিছিল, সারা দেশে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ। এছাড়া ১৮ ডিসেম্বর সারা দেশের মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে এবং ঢাকায় আয়োজন করা হবে সর্বদলীয় শহীদি সমাবেশ।
মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, ‘শহীদ ওসমান হাদিকে আমরা শুধু বিচারিক জায়গা থেকে বিবেচনায় আনতে চাই না। আমরা আরও একটি বিষয় নিশ্চিত করতে চাই যে শহীদ ওসমান হাদিকে কেন হত্যা করা হলো। কোন কারণগুলোকে আমলে নিয়ে এই রাষ্ট্রে যাঁরা ভারতের সেবাদাস হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়লেন।’
হাদি হত্যার তদন্তের দৃশ্যমান অগ্রগতি ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারকে দেখানোর দাবি জানিয়ে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আগেরবার আন্দোলনের সময় নির্বাচন বানচালের কথা বলে আমাদের ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছিল। এবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্যসচিবকে মানিয়ে-বুঝিয়ে ঘরে ফেরানো যাবে, এমন ভাবার কোনো কারণ নেই। ১৮ ডিসেম্বর থেকে আমরা কী করব, সে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কোথায় যাবে, সংসদ ভবনের বাইরে বসবে নাকি ভেতরে গিয়ে বসবে।’
অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বী সরকারসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।