বয়স বাড়লে শ্রবণশক্তি কমে কেন ও প্রতিকারের উপায়
উচ্চ শব্দ এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপন শ্রবণশক্তি ভালো রাখতে সহায়তা করে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রবণশক্তি কমে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কেবল কানে কম শোনার সমস্যাই নয়, এর ফলে ডিমেনশা বা স্মৃতিভ্রংশ, বিষণ্ণতা, ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া এবং সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকিও তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা, রেনো’র স্পিচ প্যাথলজি অ্যান্ড অডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও অডিওলজিস্ট বেথ গটেরক্স জানান, ৬৫ থেকে ৮৫ বছর বয়সী প্রায় প্রতিটি মানুষেরই শ্রবণশক্তি কমবেশি হ্রাস পায়। তিনি আরও বলেন, “৬৫ থেকে ৮৫ বছর বয়সে পৌঁছালে প্রায় প্রতিটি মানুষেরই কমবেশি শ্রবণশক্তি কমে যায়।”
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, অন্তঃকর্ণ বা ককলিয়াতে থাকা সূক্ষ্ম হেয়ার সেল বা লোমকূপ শব্দের কম্পন শনাক্ত করে মস্তিষ্কে পাঠায়। বয়স বাড়লে এই কোষগুলো প্রাকৃতিকভাবে মারা যায় এবং পুনরায় তৈরি হয় না। সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারের স্নায়ুবিজ্ঞানী ডা. ইউ-তুং ওং-এর ভাষ্যমতে, বংশগত কারণেও এই ঝুঁকি বাড়তে পারে। ডা. ওং বলেন, “পরিবারে বাবা-মা অথবা দাদা-দাদির শ্রবণশক্তি কমার ইতিহাস থাকলে বংশগত কারণেও এই ঝুঁকি বাড়তে পারে।”
শ্রবণশক্তি সুরক্ষায় উচ্চ শব্দ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডা. ইউ-তুং ওং জানান, যে পরিবেশে কথা বলার জন্য গলার স্বর উঁচু করতে হয়, সেটি কানের জন্য ক্ষতিকর। কনসার্ট, আতশবাজি, ওয়াজ বা ভারী যন্ত্রপাতির শব্দ থেকে দূরে থাকা জরুরি। এছাড়া হেডফোন বা ইয়ারবাডে একটানা এক ঘণ্টার বেশি সর্বোচ্চ মাত্রার ৬০ শতাংশের বেশি ভলিউমে গান বা পডকাস্ট শুনলে অন্তঃকর্ণের কোষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
সুস্থ জীবনযাপন ও হৃদযন্ত্রের যত্ন নিলে শ্রবণশক্তি হারানোর ঝুঁকি কমে। ২০২৬ সালে ইএনটি ডিসকভারি জার্নালে প্রকাশিত ৪ লাখ ৪২ হাজার মানুষের ওপর করা গবেষণায় দেখা গেছে, ধূমপান বর্জন, নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস অনুসরণকারীদের শ্রবণশক্তি হারানোর ঝুঁকি ১৪ শতাংশ কম। ডা. ওং-এর ব্যাখ্যা অনুযায়ী, “অন্তঃকর্ণ সুস্থ রাখতে অক্সিজেন ও পুষ্টিসমৃদ্ধ স্বাভাবিক রক্ত সঞ্চালন অপরিহার্য। ধূমপান বা অলস জীবনযাপনের কারণে উচ্চ রক্তচাপ তৈরি হলে রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে কানের ভেতরের রক্ত প্রবাহ কমিয়ে দেয়।” তার মতে, “যে অভ্যাসগুলো হৃদযন্ত্রকে সুস্থ রাখে, ঠিক সেই অভ্যাসগুলোই কানকেও সুস্থ রাখে।”
ফ্রন্টিয়ার্স ইন নিউরোসায়েন্স-এর গবেষণায় ১৯ শতাংশ কলেজ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক পর্যায়ের শ্রবণশক্তি হ্রাসের লক্ষণ পাওয়া গেছে। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার শুরুতেই একবার এবং ৪০ বছর বয়সের পর নিয়মিত কানের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন ডা. ওং। বেথ গটেরক্সের মতে, “৬০ বছর বয়সের মধ্যে সবারই অবশ্যই শ্রবণশক্তি পরীক্ষা করানো উচিত।” গবেষণায় দেখা যায়, সামাজিক সংকোচের কারণে মানুষ গড়ে প্রায় ৮.৯ বছর দেরি করে হিয়ারিং এইড ব্যবহার শুরু করেন। তবে দীর্ঘ সময় চিকিৎসা না করালে মস্তিষ্ক শব্দ প্রক্রিয়াকরণের ক্ষমতা হারিয়ে ফেলে, তাই সময়মতো হিয়ারিং এইড ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।