দুই দিনে কোটি ভিউ পার করল তৌসিফ-তটিনীর নাটক
দুই বছর ধরে একসাথে কাজ করা এই জুটির অনেক নাটকের ভিউই কোটির ঘর স্পর্শ করেছে
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘মন দুনিয়া’ নাটকটি মাত্র দুই দিনে কোটি ভিউ অর্জন করেছে। অভ্র মাহমুদ রচিত এই নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবির ও তুলির পরিচয়, বন্ধুত্ব ও প্রেমের জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। পারিবারিক বাধা ও ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে।
বিজ্ঞাপন
নাটকটির সাফল্য নিয়ে তানজিম সাইয়ারা তটিনী বলেন, ‘আমার মনে হয় ভালো কনটেন্ট, যে কারণে ভালো যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দর্শকদের কখন কোনটা পছন্দ হবে বলা মুশকিল। তারপরও নিজের অভিজ্ঞতা আছে। দর্শকদের কথা ভেবে, বুঝেশুনে গল্প বাছাই করতে হয়। আমাদের কাছে অনেক গল্প আসে। সেগুলো পড়লেই একটা ধারণা পাওয়া যায়, কোনটা দর্শক কীভাবে নিতে পারেন। তবে গল্পটা অবশ্যই গতানুগতিক হওয়া যাবে না।’
তৌসিফ মাহবুব জানান, কোনো জাদুর কারণে নয়, বরং গল্প, চরিত্র ও উপস্থাপনার গুণেই দর্শক নাটকটি গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘সত্য বলতে এখানে কোনো জাদু নেই। জাদুর কথা যদি বলতেই হয়, তাহলে বলতে হবে গল্প, চরিত্র, অভিনয়, উপস্থাপনার কথা। গল্পটা ঠিক থাকলে সেটা দর্শকদের কাছে পৌঁছায়। এ জন্য পরিচালক (ইমরাউল) রাফাত ভাইকে ধন্যবাদ।’
গত তিন বছরে তৌসিফ ও তটিনী প্রায় ৩০টি নাটকে একসাথে অভিনয় করেছেন। তৌসিফ জানান, সহশিল্পী হিসেবে তটিনী খুবই পরিশ্রমী। তিনি বলেন, ‘তটিনীর মনমতো শুটিং না হলে বোঝা যায়। তটিনী নিজেই বলে, “তৌসিফ ভাইয়া সিনটা চলো আবার করি।” আবার শুটিং হয়। তটিনী তাঁর জায়গা থেকে কখনোই ছাড় দেয় না। তটিনীকে নিয়ে এটা বলতে পারি, ও হাল ছাড়ে না। যতটা ভালো করা যাবে, সেই চেষ্টা সব সময় করে। ওর এই গুণগুলো আমার কাছে দারুণ লাগে।’
জুটি প্রথা নিয়ে তটিনী বলেন, ‘শুরু থেকেই সবার সঙ্গে অভিনয় করেছি। চাইনি জুটি হিসেবে একজনের সঙ্গে অভিনয় করে যাই। সেভাবে দর্শক আমাকে চিনুক। আর কখনোই কারও ওপর ডিপেনডেন্ট হইনি। কমবেশি সবার সঙ্গে কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে, জুটি হয়ে কাজ করলে নিজস্বতা হারিয়ে যায়। অন্যের ওপর নির্ভরশীলতা বাড়ে। আমার মনে হয়, সবাই অনেক ভালো সহশিল্পী। সেখানে তৌসিফ ভাইয়াকে সব সময় সার্পোটিভ সহশিল্পী হিসেবে পেয়েছি। তিনি অনেক সিনসিয়ার, কাজের প্রতি যত্নশীল, একসঙ্গে অভিনয়ের জায়গায় আমাদের বোঝাপড়টা দারুণ।’
বিজ্ঞাপন
তৌসিফ জানান, ২০২২ সালের মার্চে জাহিদ প্রীতমের ‘লিলুয়া’ নাটকের মাধ্যমে তাদের পরিচিতি বাড়ে। এ বছর তাদের অভিনীত ‘লাভ সাব’, ‘মন বোঝে না’, ‘যেখানে প্রেম নাই’, ‘মন দিওয়ানা’, ‘ছুঁয়ে দিলাম তোমায়’, ‘জখম’, ‘মন দুনিয়া’, ‘নট আ লাভ স্টোরি’, ‘চল হারিয়ে যাই’ ও ‘বেশি বলে বুলবুলি’ নাটকগুলো কোটির বেশি ভিউ পেয়েছে।