মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে টিপি-লিংক থেকে ওয়াই-ফাই ৮ রাউটার মুক্তি পেয়েছে
নতুন প্রযুক্তির পাশাপাশি নেটওয়ার্কিং পেশাজীবীদের জন্য ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম চালুর ঘোষণা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি–লিংক বাংলাদেশে তাদের পরবর্তী প্রজন্মের তারহীন প্রযুক্তি ‘ওয়াই–ফাই ৮’ রাউটার বাজারে এনেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি–লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। টিপি–লিংকের বাংলাদেশের জাতীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে টিপি–লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টিপি–লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।
নতুন প্রযুক্তি সম্পর্কে লিন ওয়াং বলেন, ‘ওয়াই–ফাই ৮ নতুন এই প্রযুক্তি ওয়াই–ফাই ৭–এর তুলনায় ৪০ থেকে ৬০ শতাংশ উন্নত সেবা দেবে। নেটওয়ার্কের পরিস্থিতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ সমন্বয় করতে পারে এবং একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করলেও এটি স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।’ আলট্রা–হাই রিলায়েবিলিটি নীতির ওপর ভিত্তি করে তৈরি এই রাউটার ডিজিটাল পরিবেশে উন্নত নেটওয়ার্ক স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।
বাংলাদেশে উৎপাদনকেন্দ্র স্থাপনের সম্ভাবনা নিয়ে ব্রায়ান ডং বলেন, ‘বাংলাদেশে ভবিষ্যতে যদি উৎপাদন সম্প্রসারণের সুযোগ তৈরি হয় এবং প্রয়োজনীয় জনবল পাওয়া যায়, তাহলে আমরা এখানে উৎপাদনকেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করব। কারণ, বর্তমানে এখানে উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে অনেক কম। এখানকার মানুষও বেশ পরিশ্রমী এবং উচ্চশিক্ষিত জনবল ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখযোগ্য। সবকিছু বিবেচনায় আমার মনে হয়, উৎপাদনকেন্দ্র স্থাপনের জন্য এটি আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা।’
অনুষ্ঠানে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ চালুর ঘোষণাও দেওয়া হয়। এ বিষয়ে গৌতম সাহা বলেন, ‘২০২৪ সাল থেকে আমরা বাংলাদেশে ওমাডার সঙ্গে কাজ করছি। এই দুই বছরে আমরা শুধু পণ্য বিক্রি করিনি, তার সঙ্গে এক হাজারের বেশি ওমাডা সার্টিফায়েড এক্সপার্ট মানুষ তৈরি করেছি। এরই ধারাবাহিকতায় আমরা “ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম” শুরু করছি।’ এই প্রোগ্রামের মাধ্যমে সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা উন্নয়নের কাজ করা হবে।