সিলেট বন্ধুসভার আয়োজনে শরৎচন্দ্রের ‘শুভদা’ নিয়ে পাঠচক্র
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘শুভদা’র বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নিলেন সিলেটের পাঠকরা
সিলেট জেলা প্রতিনিধি · সিলেট
প্রকাশ:
সিলেট বন্ধুসভার উদ্যোগে ২০ নভেম্বর বিকেলে প্রথম আলো সিলেট কার্যালয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’ উপন্যাস নিয়ে একটি পাঠচক্রের আয়োজন করা হয়। শরৎচন্দ্রের সাহিত্যজীবনের শুরুর দিকের এই উপন্যাসটি তাঁর মৃত্যুর পর ১৯৩৮ সালের জুন মাসে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে প্রথমবার বই আকারে প্রকাশিত হয়েছিল। তৎকালীন গ্রামবাংলার সমাজজীবন, নারীর অসহায়ত্ব, দারিদ্র্য ও পারিবারিক সংকট অত্যন্ত বাস্তবভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে।
বিজ্ঞাপন
পাঠচক্রের শুরুতে লেখক পরিচিতি তুলে ধরেন কৃত্য ছেত্রী। এরপর ‘শুভদা’ উপন্যাসের পর্যালোচনা ও চরিত্র বিশ্লেষণ করেন শুভ তালুকদার। তিনি বলেন, ‘একজন দরিদ্র পরিবারের গৃহবধূ হিসেবে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শুভদার জীবনসংগ্রাম, স্বামীর দায়িত্বহীনতা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং সংসার টিকিয়ে রাখার তার নিরন্তর চেষ্টা মূল আবেগ তৈরি করেছে। তার স্বামী হারাণচন্দ্র সংসারের প্রতি দায়িত্বহীন এবং নেশা ও অসৎ সঙ্গের প্রতি আসক্ত। তার এই আচরণের কারণে স্ত্রী-সন্তানদের জীবনে নেমে আসে দুঃখ-দুর্দশা।’
আলোচনায় উঠে আসে উপন্যাসের দুই কন্যা ললনা ও ছলনার জীবনের গুরুত্ব এবং মাধবের অসুস্থতার করুণ চিত্র। এছাড়া রাসমণি, মালতী ও জয়াবতীর মতো চরিত্রগুলোর মাধ্যমে তৎকালীন সমাজ ও পারিবারিক রীতিনীতি আলোচনার কেন্দ্রে ছিল। বন্ধুরা বলেন, ‘শরৎচন্দ্র এই উপন্যাসে শুধু একটি দরিদ্র পরিবারের গল্প বলেননি; বরং দারিদ্র্য কীভাবে মানুষের স্বপ্ন, সম্পর্ক ও স্বাভাবিক জীবনকে প্রভাবিত করে, তা অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, সামাজিক কুসংস্কার এবং মানুষের নৈতিক অবক্ষয়ের চিত্রও প্রকাশ করেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব রায় সৌমেন, সমরজিৎ হালদার, গায়ত্রী বর্মণ, অম্লান রায়, মিথিলা, আহসান আহমেদ, নয়ন হাজরা, উর্মি পাল, অলোক, বৃষ্টি ও লৈরিকসহ অনেকে।