সিলেটে সুরমা নদী থেকে মা ও ১১ মাস বয়সের শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজের ১০ ঘণ্টা পর নগরের মাছিমপুর এলাকায় মরদেহ দুটি পাওয়া যায়
সিলেট জেলা প্রতিনিধি · দক্ষিণ সুরমা, সিলেট
প্রকাশ:
সিলেট নগরের ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকা থেকে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে নগরের মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী এবং তাঁর ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন মঞ্জুশ্রী। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় স্বামী জীবনানন্দ বিশ্বাস দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাতে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাসের দাবি, তিন মাস বয়স থেকে মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে প্রতি মাসে রক্ত দিতে হতো। মেয়ের ভবিষ্যৎ চিকিৎসা ও রোগ নিয়ে মঞ্জুশ্রী দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি আরও দাবি করেন, স্ত্রীর এই অবস্থার জন্য তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বলেন, 'পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঞ্জুশ্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শিশুটিও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। তবে মা-মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।' পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।