এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস
দেশের প্রথম বেসরকারি বিজনেস স্কুল হিসেবে এই স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস (ইউএসবি) সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের (এসএকিউএস) অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (অ্যামডিসা) এই স্বীকৃতি প্রদান করেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম বিজনেস স্কুল হিসেবে তারা এই মর্যাদা লাভ করল।
বিজ্ঞাপন
এই অ্যাক্রেডিটেশন ১৭ নভেম্বর ২০২৬ থেকে ১৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য কার্যকর থাকবে। এর আওতায় ইউল্যাবের বিবিএ, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার গুণগত মান, প্রাতিষ্ঠানিক সুশাসন, পাঠদান, গবেষণা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ও ধারাবাহিক উন্নয়নের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হয়েছে।
অ্যামডিসা পরিচালিত এসএকিউএস হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক মাননিশ্চয়ন কাঠামো, যা সার্কের স্বীকৃত সংস্থা। এটি ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের (ইএফএমডি) সহযোগিতায় তাদের ইকুইস অ্যাক্রেডিটেশন পদ্ধতির আদলে তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিজনেস স্কুলের পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা, শিক্ষকদের দক্ষতা, গবেষণা ও সুশাসনসহ সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করা হয়।
এই অর্জন প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য সামসাদ মর্তূজা বলেন, "এই অ্যাক্রেডিটেশন ইউল্যাব পরিবারের সবার জন্য গর্বের। শিক্ষার্থীদের জন্য এটি তাঁদের শিক্ষার মান সম্পর্কে একটি স্বাধীন নিশ্চয়তা দেবে এবং অর্জিত ডিগ্রির গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে।"