প্রধানমন্ত্রীর ডাক রেহান আসাদ হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা প্রস্তাব
মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ
প্রযুক্তি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের দেশীয় উৎপাদন ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। একই সঙ্গে তিনি দেশে উৎপাদিত ইলেকট্রনিক পণ্য রপ্তানিমুখী করার ওপর জোর দিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে আয়োজিত নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, 'দেশে এখন আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে। হাইটেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে।' তিনি আরও যোগ করেন, 'এই খাতে নতুন উৎপাদন লাইন চালু এবং উৎপাদনের ধারাবাহিকতা ও টেকসই সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।' পাশাপাশি উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
সভায় মন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজের গতি বাড়ানোর আহ্বান জানান তিনি। সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের আর্থিক অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে, যেখানে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।