হোয়াটসঅ্যাপের স্টিকারে যুক্ত হচ্ছে সাউন্ড ফিচার
নতুন এই ফিচারের মাধ্যমে স্টিকারে অডিও বা শব্দ যুক্ত করার সুযোগ নিয়ে পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
হোয়াটসঅ্যাপে নিজের মতো করে স্টিকার বা অ্যানিমেটেড স্টিকার তৈরির সুবিধা আগেই রয়েছে। এবার ব্যবহারকারীরা নিজেদের তৈরি স্টিকারে অডিও বা শব্দ যোগ করতে পারবেন। ট্যাপ করলেই শব্দ বাজবে—এমন সাউন্ড স্টিকার ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে মেসেজিং অ্যাপটি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর মূল অডিও, ভয়েস নোট বা পছন্দের শব্দ যুক্ত করে চ্যাটিংকে আরও প্রাণবন্ত করতে পারবেন।
বিজ্ঞাপন
ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুসারে, সাউন্ড স্টিকার ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বিটা আপডেটের অংশ। আগ্রহী ব্যবহারকারীরা গুগল প্লে’র মাধ্যমে অ্যাপটির পরীক্ষক হওয়ার আবেদন করে ফিচারটি পরখ করে দেখতে পারেন। সাউন্ড স্টিকার তৈরির জন্য চ্যাটিং উইন্ডোতে গিয়ে স্টিকার আইকনে ট্যাপ করে ‘ক্রিয়েট স্টিকার’ নির্বাচন করতে হবে। লাইব্রেরি থেকে ভিডিও বেছে নিলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তা স্টিকারে রূপান্তর করবে এবং ওপরের মেনুতে থাকা ‘সাউন্ড’ আইকনে ট্যাপ করে অডিও যোগ করা যাবে।
সাউন্ড স্টিকার তৈরির সময় ভিডিওর মূল অডিও রাখা, ভয়েস নোট নেওয়া বা ফোনে সংরক্ষিত কোনো অডিও ফাইল বেছে নেওয়ার সুযোগ থাকবে। কাজ শেষে এটি সেইভ করে বন্ধুদের পাঠানো যাবে। তবে ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকায় বিটা পরীক্ষক হলেও সবাই এখনই এটি ব্যবহারের সুযোগ নাও পেতে পারেন। ভবিষ্যতে সব ব্যবহারকারীর জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।