অ্যালমা টেলিস্কোপে প্রথমবার ধরল তারার শেষ পারমাণবিক হৃদস্পন্দন, সূর্যের মৃত্যুযন্ত্রণা ভিন্ন হতে পারে
মনোসেরস তারামণ্ডলের আইআরএএস ০৬৫৩০-০২১৩ তারার মৃত্যু নিয়ে নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সূর্য চিরন্তন নয়, কোটি কোটি বছর পর একদিন এর মৃত্যু ঘটবে। বড় তারার সুপারনোভা বিস্ফোরণের মতো সূর্য বা সমভরের তারার মৃত্যু হয় শান্তভাবে, তবে তারাগুলো নিঃশব্দে নিভে যায় না। উত্তর চিলিতে অবস্থিত ৬৬টি অ্যান্টেনা নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ ‘আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে’ বা অ্যালমা থেকে পাওয়া নতুন পর্যবেক্ষণে দেখা গেছে, সূর্যের ‘মৃত্যুযন্ত্রণা’ বিজ্ঞানীরা শুরুতে যা ধারণা করেছিলেন তার চেয়ে ভিন্ন হতে পারে।
বিজ্ঞাপন
গবেষণার নেতৃত্ব দেওয়া নাসার ‘জেট প্রপালশন ল্যাবরেটরি’ বা জেপিএল-এর গবেষক রাঘবেন্দ্র সাহাই অ্যালমা পর্যবেক্ষণের চিত্রটি ব্যাখ্যা করে বলেছেন, “এটা এমন এক ঘটনার বাস্তব স্থিরচিত্র, যা এতদিন আমরা কেবল তাত্ত্বিক মডেল থেকে অনুমান করতাম। এই প্রথম আমরা গ্যাসের মধ্যে জমে থাকা একটি তারার শেষ পারমাণবিক হৃদস্পন্দন ধরতে পেরেছি।” সূর্যের মতো তারাগুলোর কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে গেলে হিলিয়াম তৈরির ফিউশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। মহাকর্ষ বলের টান সামলানোর মতো পর্যাপ্ত চাপ তখন আর থাকে না।
কেন্দ্রটি সংকুচিত হয়ে ‘হোয়াইট ডোয়ার্ফ’ বা শ্বেত বামন তৈরির সময় বাইরের স্তরগুলো ফুলে ওঠে, যা ‘রেড জায়ান্ট’ বা লোহিত দানব দশা সৃষ্টি করে। একসময় বাইরের শীতল স্তর ছড়িয়ে পড়ে মাঝখানের শ্বেত বামনটিকে ঘিরে ‘প্ল্যানেটারি নেবুলা’ তৈরি করে। লোহিত দানব দশায় তারার কেন্দ্রে মাঝে মাঝে পারমাণবিক সক্রিয়তার তীব্র বিস্ফোরণ বা ‘থার্মাল পালস’ দেখা দেয়, যার মাধ্যমে তারার উপাদান মহাকাশে ছড়িয়ে পড়ে।
নাক্ষত্রিক বিবর্তনের এই পর্যায় বুঝতে গবেষক দলটি মনোসেরস তারামণ্ডলে প্রায় ১২ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’ নামের একটি তারার ওপর অ্যালমা টেলিস্কোপ তাক করেন। এতে গ্যাসের একটি বড় বলয় ধরা পড়ে, যা তারাটির শেষ তাপ-পারমাণবিক বিস্ফোরণের জীবাশ্ম বলে মনে হচ্ছে। এই জীবাশ্মটি বালিঘড়ি আকৃতির একটি গঠনরত প্ল্যানেটারি নেবুলাকে ঘিরে রেখেছে।
রাঘবেন্দ্র সাহাই বলেন, “আমরা সাধারণত তারাকে আকাশে স্থির আলোর বিন্দু হিসেবে দেখি। কিন্তু এই ছবিতে ধরা পড়েছে তারার মৃত্যুর মুহূর্ত। একটি ফুলে ওঠা লোহিত দানব তারা যখন উজ্জ্বল প্ল্যানেটারি নেবুলায় পরিণত হচ্ছে, তখনকার এই সংক্ষিপ্ত ও অস্থির সময়টিকে ছবিতে ধরে রাখা হয়েছে।” গবেষক দলটি নির্ণয় করেছে যে, ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর গ্যাসের খোলসটি প্রায় অর্ধেক আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এবং প্রায় ৬ হাজার ৫০০ বছর আগে তা মহাকাশে ছিটকে বেরিয়ে এসেছিল। এটি জীবনের চূড়ান্ত পর্যায়ে কোনো তারার শেষ ‘থার্মাল পালস’-এর প্রথম সরাসরি প্রমাণ।
বিজ্ঞাপন
গবেষকদের তথ্যমতে, ওই বিস্ফোরণের পর প্রায় ২ হাজার বছর তারাটি ধীরগতিতে ভর হারাচ্ছিল এবং পরবর্তী ১ হাজার বছরে ভর হারানোর গতি তীব্রভাবে বেড়ে যায়। এর ফলে গ্যাসের এবড়োখেবড়ো খোলস তৈরি হয়। তন্তুর সর্পিল আকার থেকে ইঙ্গিত মেলে যে, ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর আশপাশে হয়তো কোনো অদৃশ্য সঙ্গী তারা ঘুরছে। বালিঘড়ি আকৃতির নেবুলাটি প্রায় ৭০০ বছর আগে রূপ নিতে শুরু করে, যার মানে তারাটির লোহিত দানব দশা খুব সম্প্রতি শেষ হয়েছে।
গবেষক দলটি ‘আইআরএএস ০৬৫৩০-০২১৩’-এর চারপাশে কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেনের মতো মৌলের ভারী আইসোটোপের অপ্রত্যাশিত প্রাচুর্য খুঁজে পেয়েছে, যা প্রচলিত তাত্ত্বিক মডেলের সঙ্গে মেলে না। মৃতপ্রায় তারার ক্ষেত্রে সাধারণত সঙ্গী তারা ও ধূলিকণার ঘন চাকতি দেখা যায়, যা জেট-প্রবাহের মাধ্যমে নেবুলার আকৃতি তৈরিতে ভূমিকা রাখে। তবে ‘আইআরএএস ০৬৫৩০’-এর আশপাশে এমন কোনো চাকতি শনাক্ত করতে ব্যর্থ হয়েছে অ্যালমা।
গবেষক দলের মতে, সেখানে হয়তো খুব স্বল্প সময়ের জন্য একটি চাকতি ছিল, যা উচ্চগতির জেট-প্রবাহের বিস্ফোরণ ঘটিয়ে মিলিয়ে গেছে। সাহাইয়ের মতে, “মৃতপ্রায় তারাগুলোর প্রায়ই লুকানো সঙ্গী থাকে, যা তারা থেকে ছিটকে বেরোনো উপাদানগুলোকে গোলকের পরিবর্তে জটিল, দ্বিমেরু বা বহুমেরু আকৃতি দেয়। ‘আইআরএএস ০৬৫৩০’ দেখিয়ে দিল, বিষয়টি আমাদের এতদিনের সহজ-সরল ব্যাখ্যার চেয়েও বেশি জটিল।”