চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা ও গভীর রাতে বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · রাউজান, চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিদ্যমান অচলাবস্থা নিরসনের দাবিতে শিক্ষার্থীরা আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং সংকটের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত তা চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা এক আলোচনা সভার আয়োজন করেন। সভায় শিক্ষার্থীরা জানান, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও সংকটের কার্যকর ও টেকসই সমাধান না আসায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ বলেন, ‘এ পরিস্থিতিতে চুয়েটের সব শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’
সভা শেষে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাধীনতা চত্বর ঘুরে টিএসসির পেছনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’ এবং ‘মানি না, মানব না, শরীফুল মানি না’ স্লোগান দেন। একই দাবিতে আজ বেলা দুইটায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন তারা।
চলতি বছর ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেন এবং একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি শুরু করেন। এতে প্রশাসনিক ভবনে তালা ঝোলানোসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
টানা ৩৬ দিনের শাটডাউন শেষে ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। প্রশাসনিক ভবনের তালা না খোলায় প্রকল্পের অর্থছাড়, যানবাহনের বিল পরিশোধ ও ভর্তি পরীক্ষার আয়োজনসহ নানা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।