ইউটিউব দেখে কমলা চাষ, এক গাছেই দেড় মণ ফলন
চায়না থ্রি জাতের কমলা চাষ করে সফল হয়েছেন কলারোয়ার কৃষক আবদুল গফফার
সাতক্ষীরা জেলা প্রতিনিধি · কলারোয়া, সাতক্ষীরা
প্রকাশ:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে সারি সারি কমলাগাছে ঝুলছে পাকা ও আধা পাকা কমলা। ঘন সবুজ পাতার আড়ালে হলদে, হালকা সবুজ ও উজ্জ্বল কমলা রঙের ফলের ভারে ডালগুলো নুয়ে পড়েছে। বাগানের ভেতর সরু পথ দিয়ে এগিয়ে গেলেই চোখে পড়ে ফল সংগ্রহের কর্মচাঞ্চল্য। কৃষক আবদুল গফফার কাঁচি দিয়ে কমলার বোঁটা কেটে বাঁশের ঝুড়িতে ভরছেন। ঝুড়ি পূর্ণ হলে সেগুলো বাগানে বিছানো ত্রিপলের ওপর রাখা হচ্ছে, যেখানে টাটকা কমলার স্তূপ জমছে।
বিজ্ঞাপন
এটি পাহাড়ি এলাকার বাগান নয়, বরং সমতল ভূমির সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের কৃষক আবদুল গফফারের বাগান। ২৫ নভেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় আড়াই বিঘা জমিতে চায়না থ্রি জাতের ১৪৪টি কমলাগাছে ফল ধরেছে। সাত থেকে আট বছর বয়সী কিছু কিছু গাছে এক থেকে দেড় মণ পর্যন্ত কমলা উৎপাদিত হয়েছে।
বাগানের কমলা স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকায়ও পাঠানো হচ্ছে। কলারোয়া উপজেলা সদরের সড়কের পাশে ১৬০ টাকা কেজি দরে কমলা বিক্রি করছিলেন স্থানীয় বাসিন্দা মো. সুমন মিয়া। তিনি জানান, 'এগুলো আমাদের কলারোয়ার কমলা। খেতেও বেশ মিষ্টি।' তিনি পাশের এক চাষির তিন বিঘার বাগান থেকে এসব কমলা সংগ্রহ করেছেন। সুমন আরও জানান, আশপাশের দেয়াড়া, খোরদো ও সলিমপুর এলাকাতেও কয়েকজন কৃষক কমলা চাষ করছেন এবং মৌসুমে প্রায় তিন মাস এই কমলা বিক্রি করা সম্ভব হয়।
কৃষক আবদুল গফফার একসময় বিদেশে ছিলেন। দেশে ফেরার পর আট-নয় বছর তিনি ইলেকট্রিকের মালামালের ব্যবসা করেন। ২০১৮ সালের দিকে অবসর সময়ে ইউটিউবে চায়না থ্রি কমলা চাষের একটি ভিডিও দেখে তাঁর আগ্রহ জন্মে। এরপর তিনি অন্য এক জেলার বাগান পরিদর্শন করে কমলা খেয়ে এবং মাটি ও আবহাওয়া যাচাই করে চাষের সিদ্ধান্ত নেন।
গফফার বলেন, 'তখন মনে হয়েছিল, দেশের অন্য জায়গায় এই কমলার চাষ সম্ভব হলে আমার এলাকাতেও সম্ভব।' তিনি করোনার সময় রোজার মাসে মোটরসাইকেলে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রায় ২০০টি কলমের চারা সংগ্রহ করেন। কিছু চারা মারা গেলেও এবং জায়গা স্বল্পতার কারণে কিছু গাছ কেটে ফেলতে হলেও রোপণের তিন বছর পর থেকেই গাছে ফল আসতে শুরু করে।
বিজ্ঞাপন
বাগানে ফল সংগ্রহের কাজে নিয়োজিত কৃষিশ্রমিক মো. গোলাম আজম বলেন, 'গত বছর বাগানে বেড়া ছিল না। লোকজন গাছ থেকে কমলা পেড়ে নিয়ে যেতেন। এ কারণে কত কমলা উৎপাদন ও বিক্রি হয়েছে, তার হিসাব রাখা যায়নি। এবার তারের বেড়া দেওয়া হয়েছে। বাগান দেখাশোনার জন্য আমাকে ও আরেকজন শ্রমিককে রাখা হয়েছে। গাছভরা কমলার বাগানে কাজ করতেও ভালো লাগে।'
আবদুল গফফার জানান, সার, কীটনাশক ও পরিচর্যায় বছরে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। এছাড়া দুজন শ্রমিকের প্রত্যেককে মাসে ছয় থেকে সাত হাজার টাকা মজুরি দিতে হয়। বর্তমানে বাগান থেকে প্রতি কেজি কমলা ১৩৭ টাকা দরে বিক্রি করছেন তিনি। পাইকারেরা বাগান থেকে কমলা কিনে ঢাকায় নিয়ে যান, যেখানে খুচরা বাজারে প্রতি কেজি কমলা ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। এ মৌসুমে তিনি চার থেকে পাঁচ লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন।
বাগানের একটি পাকা কমলা ছিঁড়ে খোসা ছাড়িয়ে খেতে দিয়ে গফফার বলেন, 'আমার বাগানের কমলার স্বাদ শুধু মিষ্টি নয়, এতে হালকা টকভাবও আছে। মিষ্টির সঙ্গে হালকা টক স্বাদও পাওয়া যায়। ফলের রং, আকার ও পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখি। কারণ, ক্রেতারা স্বাদের পাশাপাশি ফলের সুন্দর চেহারাও পছন্দ করেন।'
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় বর্তমানে ৬৫ জন কৃষক কমলা চাষ করছেন। আবাদি জমির পরিমাণ ১০ হেক্টর, যা গত বছরও একই ছিল। হেক্টরপ্রতি গড় ফলন ১১ মেট্রিক টন হিসেবে জেলায় বছরে প্রায় ১১০ মেট্রিক টন কমলা উৎপাদিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ জানান, বিঘাপ্রতি কমলা বিক্রি থেকে আয় ১ লাখ ৭৬ হাজার ৪০ টাকা এবং উৎপাদন ব্যয় ৫৫ হাজার টাকা। সে হিসাবে সম্ভাব্য লাভ ১ লাখ ২১ হাজার ৪০ টাকা।
বিজ্ঞাপন
কলারোয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি মণ্ডল বাগানটি পরিদর্শনকালে জানান, চায়না থ্রি ও ম্যান্ডারিন জাতের কমলা এ অঞ্চলের জন্য উপযোগী। সাতক্ষীরার আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হওয়ায় এখানে কমলা চাষের সম্ভাবনা রয়েছে। মৃণাল কান্তি মণ্ডলের মতে, ৮ থেকে ৯ বছর আগে জেলায় কমলা চাষ শুরু হয়। তিনি আরও বলেন, উৎপাদন বাড়লে আমদানি করা কমলার ওপর নির্ভরতা কমানো সম্ভব। তবে শুধু ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু না করে মাটি, আবহাওয়া, জাত ও চাষপদ্ধতি সম্পর্কে জেনে কৃষি বিভাগের পরামর্শ নেওয়া উচিত।
আবদুল গফফার তাঁর কমলার বাগান আরও সম্প্রসারণের পরিকল্পনা করছেন। আগের বাগানের পাশে আরও দেড় বিঘা জমিতে প্রায় দুই মাস আগে নতুন চারা লাগিয়েছেন তিনি। নিয়মিত পরিচর্যা করলে নতুন বাগানেও ভালো ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।