বরিশালে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা
শুক্রবার ভোরে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে
বরিশাল জেলা প্রতিনিধি · উজিরপুর, বরিশাল
প্রকাশ:
বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে থামেন। এরপর তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি রাকিবুল ইসলাম আরও বলেন, ঘটনার পর গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলার বিভিন্ন শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।