ফেলনা কাপড়ে হস্তশিল্প তৈরি করে স্বাবলম্বী ৩০ নারী
ফেলে দেওয়া কাপড় ব্যবহার করে ব্যাগ ও হস্তশিল্প তৈরি করে সংসারের হাল ধরেছেন ৩০ জন নারী
বরিশাল জেলা প্রতিনিধি · বরিশাল
প্রকাশ:
দিনমজুর স্বামীর আয়ের ওপর নির্ভরশীল রিয়ামনি আক্তারের ছয়জনের সংসারে বরাবরই লেগে থাকত টানাপোড়েন। সেলাইয়ের কাজ জানা থাকলেও উপার্জনের কোনো সুযোগ ছিল না তাঁর। একই পরিস্থিতির শিকার ছিলেন বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির দুই শতাধিক নারী। তবে পাঁচ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত 'প্রজেক্ট প্রেরণা'র উদ্যোগে এখন বদলে গেছে সেখানকার ৩০ জন নারীর জীবন। দুই বছর আগে সেলাইয়ের দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করে দেওয়া হয় তাঁদের। বর্তমানে এসব নারী ফেলে দেওয়া কাপড় ব্যবহার করে দৃষ্টিনন্দন ব্যাগ, নকশিকাঁথা ও নানা হস্তশিল্প তৈরি করছেন। ঘরে বসেই এসব কাজ করে তাঁরা উপার্জন করছেন, যা সংসারে ফিরিয়েছে সচ্ছলতা এবং পরিবারের কাছে তাঁদের গুরুত্বও বেড়েছে।
বিজ্ঞাপন
গত সোমবার স্টেডিয়াম কলোনিতে গিয়ে দেখা যায়, গৃহবধূ রিয়ামনি ঘরে বসে সেলাই মেশিনে ব্যাগ তৈরিতে ব্যস্ত। একই এলাকায় অন্য ঘরে তৈরি হচ্ছে নকশিকাঁথা, কোথাও ব্যাগে রং ও নকশার কাজ চলছে, আবার কোথাও পণ্য প্যাকেজিং করা হচ্ছে। এভাবে ১৪ জন নারী নিজেদের ঘরে বসে কাজ করছেন।
এসব পণ্য অনলাইনে বিক্রির পাশাপাশি ব্র্যাক ও সামাজিক প্ল্যাটফর্ম বহ্নিশিখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিচ্ছে। আগে শুধু জামা ও ব্লাউজ সেলাই করতে পারতেন রিয়ামনি, কিন্তু এখন ব্যাগ তৈরির কাজও শিখেছেন তিনি। রিয়ামনি আক্তার জানান, একটি ব্যাগ কাটিং ও সেলাই করলে ৮০ টাকা মজুরি পান এবং মাসে তাঁর আয় হয় ৯ থেকে ১০ হাজার টাকা।
তবে ভালো মানের মেশিনের অভাবে মোটা কাপড় সেলাই করতে না পারায় অনেক কাজ ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানান তিনি। এদিকে সেলাই মেশিন না থাকায় সাথী আক্তার হাতের কাজ ও নকশিকাঁথা তৈরি করে সংসার চালাচ্ছেন।
প্রজেক্ট প্রেরণার অন্যতম সংগঠক সরকারি ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির বলেন, 'এখানে যাঁরা কাজ করেন, তাঁরা আমাদের কর্মী নন, বরং আমাদের পার্টনার।' ২০২৪ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করা এই উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত ৩০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে নিয়মিত কাজ করা ১৪ জনের মধ্যে সাতজন ব্যাগ তৈরি, পাঁচজন এমব্রয়ডারি ও নকশিকাঁথা এবং দুজন প্যাকেজিংয়ের কাজ করেন। আবির মাহমুদ জানান, প্রথম বছরে ১২৭টি ব্যাগ তৈরি করে প্রায় ৩০ হাজার টাকা বিক্রি হয়েছিল।
বিজ্ঞাপন
চলতি বছর ১ হাজার ২০০টি ব্যাগ বিক্রি করে প্রায় ২ লাখ টাকা আয় হয়েছে। নকশিকাঁথা বিক্রির আয় থেকেও খরচ বাদে প্রায় ৩০ শতাংশ লাভ থাকে। আগামী এক বছরে আরও ৩০ নারীকে যুক্ত করার লক্ষ্য নিয়ে তারা একটি মিনি প্রোডাকশন হাউস তৈরির পরিকল্পনা করছেন।
প্রজেক্ট প্রেরণার পাঁচ উদ্যোক্তার বাকি চারজন হলেন সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন, ঢাকা আর্ট কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বীথি আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম এবং বরিশাল সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী নন্দিনী তিথি। ২০২৪ সালে ব্র্যাকের 'আমরা নতুন নেটওয়ার্ক' যুব প্ল্যাটফর্মের আওতায় প্রশিক্ষণ নেওয়ার পর সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে তাঁরা এই কার্যক্রম শুরু করেন। মো. সিয়াম জানান, কলোনির নারীদের কাজের আগ্রহ দেখে তাঁরা ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন।
উদ্যোক্তা বীথি আক্তার এই বস্তিতেই বেড়ে ওঠায় স্থানীয় নারীদের আর্থিক কষ্ট কাছ থেকে দেখেছেন। ব্যাগের নকশাগুলো তিনিই করেন। বীথি বলেন, 'আমাদের তৈরি প্রথম ব্যাগটি এক বন্ধু ১৫০ টাকা দিয়ে কিনেছিল। সেই যে অনুপ্রেরণা পেয়েছি, তারপর আর বসে থাকিনি, এগিয়ে যাচ্ছি এবং যাবই।' উদ্যোক্তা নন্দিনী তিথি জানান, পাইকারি বিক্রিতে এক রঙের সাধারণ ব্যাগ ১২০ টাকা, হাতে কাজ করা ব্যাগ ৩০০ থেকে ৮০০ টাকা এবং গ্রাহকের পছন্দ অনুযায়ী হাতে আঁকা ব্যাগ ৫০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। প্রতিটি নকশিকাঁথা পাইকারি ৪ হাজার টাকায় বিক্রি করা হয়। রিয়ামনি ও সাথীদের মতো নারীরা এখন আত্মবিশ্বাস নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন।