অসুস্থ বাবার আহাজারি: বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে
নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে চলছে শোকের মাতম
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর টিকাটুলীর হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ২৩ বছর বয়সী এই তরুণ পড়াশোনার পাশাপাশি হোটেলে চাকরি করে সংসার চালাতেন এবং নিজের আয়ে অসুস্থ বাবার চিকিৎসার ব্যয় বহন করতেন। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশাহারা বৃদ্ধ বাবা মোস্তফা শেখ।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে নাঈমুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক, কর্মীসহ আরও চারজন আহত হন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে নাঈমুরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় এবং রাত ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন।
নাঈমুরের বড় ভাই দুর্জয় শেখ জানান, তাঁদের মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং বাবা মোস্তফা শেখ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি বলেন, ‘নাঈমুর আর আমি পিঠাপিঠি দুই ভাই। বয়সের ব্যবধান খুব কম। অল্প বয়সে আমাদের মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বাবা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। আমি বাড়িতে থেকে বাবার দেখাশোনা ও সংসারের কাজ করি। নাঈমুরই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’ দুর্জয় শেখ আরও উল্লেখ করেন, বাবার ওষুধের জন্য প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা প্রয়োজন হয়, যা নাঈমুর বহন করতেন। তিনি ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নাঈমুরের চাচা আবুল বাশার জানান, ছোটবেলা থেকেই নাঈমুর অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছিলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরতে তিনি চাকরি শুরু করেছিলেন।
ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা মোস্তফা শেখ বলেন, ‘আমি ঠিকমতো দেখতে পাই না। শরীরে নানা অসুখ। তারপরও দুই ছেলেকে নিয়ে বেঁচে ছিলাম। ঘাতকেরা আমার নাঈমুরকে নির্মমভাবে হত্যা করল। আমি একেবারে শেষ হয়ে গেলাম। আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
বিজ্ঞাপন
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হোটেলের সামনে একটি মুরগির দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের কর্মীদের সঙ্গে মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। এতে নাঈমুরসহ তিনজন আহত হন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত হন এবং তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।