ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজিবির তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে ৭, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৮ এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র ব্যবহার করে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বিজিবি কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বাহিনীটি প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।