গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে অশান্তি সৃষ্টির লক্ষ্যে যাঁরা গুজব ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি যেকোনো ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’–এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের আইজিপি দৃঢ় মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। এছাড়া কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।