৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
রাজধানীর মিন্টো রোডে ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির এ মন্তব্য করেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শিরোনামের এই মতবিনিময় সভায় ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা অংশ নেন।
বিজ্ঞাপন
শফিকুর রহমান বলেন, গণ-অভ্যুত্থান পর্যন্ত ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার এক ছিল, কিন্তু এখন অনেকে বদলে গেছে। তিনি অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। এ সময় তিনি আরও বলেন, গণভোট রাষ্ট্র সংস্কারের জন্য হলেও ক্ষমতাসীন দল তা অস্বীকার করে সংকট তৈরি করেছে এবং ফ্যাসিবাদীদের লালন করছে।
জামায়াতের আমির আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর অর্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে কেউ কেউ ফ্যাসিবাদীদের আশ্রয় দিচ্ছে, যা শহীদ ও আহতদের সঙ্গে প্রতারণা। ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনলেও এখনো অনেক কাজ বাকি। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের আরও অবদান রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন করেন। জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমার ডিকশনারিতে কোনো সংখ্যালঘু নাই।…তার ধর্ম কী হবে, এটা সে সিলেক্ট করবে। হু অ্যাম আই টু ইমপোজ মাই রিলিজিয়ন আপন হিম। আমার কোনো অধিকার নাই আরেকজনের ওপরে আমার ধর্ম চাপিয়ে দেওয়ার।’ তিনি আরও যোগ করেন, ধর্মীয় বা জাতিগতভাবে সমাজ বিভক্ত করলে তা টেকসই হবে না, বরং সবার নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত হওয়া উচিত।
অনুষ্ঠানে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতা এস এম খালিদুজ্জামান ও ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ছাড়াও জামায়াতের কেন্দ্রীয় নেতারা ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুব আলম সালেহী উপস্থিত ছিলেন।