অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের হিসাবেও কমেছে আমানত, তবে পোশাকশ্রমিকদের সঞ্চয় বেড়েছে
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দেশে অতিদরিদ্র মানুষের জন্য খোলা বিশেষ সুবিধার ব্যাংক হিসাব রয়েছে ৩৫ লাখের বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে এসব হিসাবে মোট জমা ছিল ২৯২ কোটি টাকা, যা তিন মাসের ব্যবধানে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে প্রায় ২৭৩ কোটি টাকায়। অর্থাৎ, অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে আমানত কমেছে প্রায় ১৯ কোটি টাকা বা ৬ দশমিক ৪৩ শতাংশ।
বিজ্ঞাপন
আমানতের পরিমাণ কমলেও এই সময়ে অতিদরিদ্রদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজারের বেশি। বর্তমানে অতিদরিদ্রদের প্রতিটি ব্যাংক হিসাবে গড়ে জমা রয়েছে ৭৭৪ টাকা, যা তিন মাস আগে ছিল ৮৩৩ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা সব ধরনের বিশেষ সুবিধার ব্যাংক হিসাবে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। তিন মাস আগে জুন শেষে এই জমার পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি বা ২ দশমিক ২১ শতাংশ। অথচ একই সময়ে এসব ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার এবং বর্তমানে মোট হিসাবের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৭৩ হাজারের কাছাকাছি। এসব হিসাবে বর্তমানে গড়ে জমা রয়েছে ১ হাজার ৮১৬ টাকা, যা তিন মাস আগে ছিল ১ হাজার ৮৫৮ টাকা।
বিশেষ সুবিধার এসব ব্যাংক হিসাব সচল রাখতে ন্যূনতম কোনো টাকা জমা রাখার বাধ্যবাধকতা নেই এবং কোনো সেবা মাশুলও দিতে হয় না। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ সুবিধা চালু করেছে, যেখানে সাধারণ সঞ্চয়ী হিসাবের তুলনায় বেশি সুদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে।
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ব্যাংক হিসাবেও আমানত কমেছে। বয়স্ক ও বিধবাসহ সরকারি ভাতা পাওয়া ব্যক্তিদের জন্য খোলা এই শ্রেণির হিসাবের সংখ্যা দেশে প্রায় ১ কোটি ৯ লাখ। তিন মাসে এসব হিসাবে আমানত কমেছে ১০২ কোটি টাকার বেশি, যা সামগ্রিকভাবে আমানত কমার পেছনে বড় ভূমিকা রেখেছে।
বিজ্ঞাপন
তবে নিম্ন আয়ের মানুষের আমানত কমলেও ব্যতিক্রম দেখা গেছে তৈরি পোশাকশ্রমিক ও কৃষকদের ক্ষেত্রে। সেপ্টেম্বর শেষে পোশাকশ্রমিকদের জন্য খোলা ১০০ টাকার হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৪ হাজারের কাছাকাছি এবং এতে জমা রয়েছে প্রায় ৫৪৬ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে পোশাকশ্রমিকদের আমানত বেড়েছে ২৭ কোটি টাকার বেশি। গত দুই বছরে পোশাকশ্রমিকদের বিশেষ হিসাবগুলোতে আমানত বেড়েছে অর্ধেকের বেশি এবং বর্তমানে প্রতিটি হিসাবে গড়ে জমা রয়েছে ৪ হাজার ১২৩ টাকা।
অন্যদিকে, কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাবের সংখ্যা ১ কোটি ৭ লাখের বেশি। তবে এসব হিসাবে মোট আমানত রয়েছে প্রায় ৭৯২ কোটি টাকা, যার গড় দাঁড়ায় হিসাবপ্রতি মাত্র ৭৩৮ টাকা। এছাড়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দ্রুত বাড়লেও আমানত কমেছে। সেপ্টেম্বর শেষে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ লাখ ৩০ হাজারের বেশি, যা এক বছরের ব্যবধানে ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক হিসাব থাকলেই যে নিয়মিত সঞ্চয় করা হচ্ছে তা নয়, বরং নিয়মিত ব্যবহার ও ঋণসুবিধাও আর্থিক অন্তর্ভুক্তির অংশ। বিশেষজ্ঞদের মতে, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে জমানো অর্থ খরচ করার কারণে ব্যাংক হিসাবে আমানত কমছে।
বিশেষ সুবিধার ব্যাংক হিসাবের ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাংক কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন লেনদেনহীন হিসাবগুলো শনাক্ত করে সচল করা এবং নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করা। এছাড়া কৃষকদের জন্য মৌসুমনির্ভর সঞ্চয় ও ঋণসুবিধা চালু এবং নারী, তরুণ ও প্রবীণদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।