প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে সামনে রেখে নগরে চলছে প্রস্তুতি
আগামীকাল মঙ্গলবার সফর; মাদ্রাসা মাঠে জনসভা ও ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের برنامه
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল মঙ্গলবার রাজশাহী নগরে সফরের কথা রয়েছে। এ উপলক্ষে কয়েক দিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। শাহ মখদুম বিমানবন্দর থেকে শহরে প্রবেশের পথে সড়কে নতুন করে পিচঢালাই এবং রেলিংয়ে রং দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
গতকাল রোববার নগর পরিদর্শনে দেখা যায়, রেলগেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করে সড়ক পরিষ্কারের কাজ চলছে। মহিলা কলেজ রোডে দেয়ালে চিত্রকর্ম আঁকা হচ্ছে এবং সাহেববাজার এলাকাতেও ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে ৬ থেকে ৮ অক্টোবর দরিখরবোনা মোড়, মালোপাড়া, সরকারি মহিলা কলেজ, বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাঠের পাশের সড়ক সংস্কার, মঞ্চ নির্মাণ ও পরিষ্কারের কাজে তৎপর রয়েছে কর্মীরা। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান একাধিকবার মাঠ পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একটা সুযোগ এসেছে। চলমান কাজগুলো এই ফাঁকে একটু দ্রুত করা হচ্ছে।
গতকাল মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত এবং বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীসহ জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ আনেক কর্মকর্তা। পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হকও দুপুরে মাঠ পরিদর্শন করেন।
সাংবাদিকদের শফিকুল হক বলেন, অল্প সময়ের মধ্যে সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের কথা বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য বিশেষ বার্তা দিতে পারেন। তিনি জানান, সফরে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষকরণ, পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং রাজশাহীকে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবি তুলে ধরা হবে।
বিজ্ঞাপন
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল বেলা দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম রাজশাহী সফর।