একজন ইমামকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত ইমামকে পাঁচ লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত
জামালপুর জেলা প্রতিনিধি · দেওয়ানগঞ্জ, জামালপুর
প্রকাশ:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণের অপরাধে মো. মুছা মিয়া (৩৩) নামের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত–১–এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডি গ্রামের বাসিন্দা। ২০২০ সালে ঘটনার সময় তিনি দেওয়ানগঞ্জ উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রতিদিন সকালে মসজিদে আরবি পড়তে যেত। ইমাম প্রতিদিন অন্য শিশুদের ছুটি দিয়ে তাকে রেখে মসজিদ পরিষ্কার করাতেন এবং বিয়ের প্রলোভন দেখাতেন। ২০২০ সালের ২৮ নভেম্বর ইমাম শিশুটিকে ধর্ষণ করেন এবং কাউকে কিছু না বলতে হুমকি দেন। এরপর একই বছরের ১ ও ২ ডিসেম্বর তিনি আবারও তাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে শিশুটির মানসিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা ঘটনা সম্পর্কে জানতে পারেন। স্থানীয়দের পরামর্শে শিশুর মা বাদী হয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক জানান, ১০ জনের সাক্ষ্যগ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। জরিমানার টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়ে রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।