শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে অন্য আসামিদের মতো দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই বাংলাদেশের আইনে। কোনো ভিত্তি নাই। এটা ভারত সরকারের কোনো রেসপন্সিবল জায়গা থেকে আসে নাই। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন। প্রতিবেদন ডাজনট মিন এনিথিং, কেননা ভারতের পররাষ্ট্র বা সরকারের অফিসিয়ালি কিছু আছে কি না, সেটা আমরা গ্রহণ করব বা সেটার জবাব দেব আমরা। এর বাইরে কে কোথায় কী লিখল, সেটা দেখার সময়ও নাই, সেটা আমাদের বিষয়ও না।’
শর্তের বিষয়ে বাংলাদেশের কোনো পর্যায়ে ভারত থেকে কোনো বার্তা এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, ‘নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয় নাই।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানেও একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।