কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করেন।
বিজ্ঞাপন
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল হোসেন খান নিখিল, সালাউদ্দিন মাহমুদ জাহিদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। এছাড়াও আসামিদের তালিকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসিম উদ্দিন মোল্লার নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, আসামিদের প্ররোচনা, ষড়যন্ত্র ও নির্দেশনায় মিরপুর মডেল, পল্লবী ও কাফরুল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ৬৪ জনের বেশি ছাত্র-জনতাকে হত্যা এবং অনেককে গুরুতর জখম করে। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই সকালে মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেটের সামনে মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোল্লাহ ও সালাউদ্দিন মাহমুদ জাহিদের নির্দেশে এবং গাজী মেসবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এছাড়া ১৮ জুলাই গুলি চালানোর পুরস্কার হিসেবে দিনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের ১ হাজার টাকা এবং রাতে দায়িত্বরতদের ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পল্লবী থানার তৎকালীন ওসি অপূর্ব হাসান অধীনস্থ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছিলেন, ‘যে গুলি করবে না, তাকে আমি গুলি করব।’ ছাত্রদের হত্যার পর তিনি আরও বলেছিলেন, ‘মাইরা তো ফালাইছি, এখন কী করবা, বলো।’