১০ দিনে ৪৯ যানবাহনে আগুন ও ৫৯ স্থানে ককটেল বিস্ফোরণ
নাশকতার ঘটনায় সারা দেশে ৩৩টি মামলা ও ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে পুলিশের একটি গাড়ি ও দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, নাশকতা রোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, “প্রতিটি নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নয়, নাশকতা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”
গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে নাশকতার পরিকল্পনা করছে। সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি ঢাকায় বড় জমায়েতের পরিকল্পনা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে বলে পুলিশের ভাষ্য।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে ৫০ জন আওয়ামী লীগ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।