কলাবাগানে মির্জা আজমের ভাই আটক, পুলিশে সোপর্দ
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিজ্ঞাপন
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল জানান, যুবদল নেতা-কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করার পর পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে এবং একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তবে মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
আটকের পর রবিউল ইসলাম নয়ন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দাবি করা হয়, নাশকতার পরিকল্পনার সময় মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করা হয়েছে। ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে যুবদল নেতা বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাঁকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’ ভিডিওতে তিনি কর্মীদের আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশ দিয়ে বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’ এ সময় মির্জা আনোয়ার দাবি করেন, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।