ইতালির ডোলোমাইটস পর্বতের গুহায় বরফযুগের গুহাভালুকের কঙ্কালের ভান্ডার
২৪ হাজার বছর আগে বিলুপ্ত বিশালদেহী প্রাণীর হাড়ের বিশাল ভান্ডার মিলেছে ইতালির আল্পস অঞ্চলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইতালির ডোলোমাইটস পর্বতমালার একটি অজানা গুহার ভেতর থেকে বরফযুগের দুয়ার খুলে গেছে। সেখানে বহু আগে বিলুপ্ত বিশালদেহী গুহাভালুকের কঙ্কালের এক অবিশ্বাস্য ভান্ডার পাওয়া গেছে। বিবিসি সম্প্রতি দুর্গম সেই গুহার ভেতরের বিশেষ ছবি প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
পাহাড়ে চড়ার গাইড কার্ট ওয়ালডে সেদিন ইতালির এই পর্বতমালার প্রায় খাড়া এক ঢালে অবস্থান করছিলেন। ২ হাজার ৮৫০ মিটারের কিছু বেশি উচ্চতায় তিনি অজানা কোনো গুহার হদিস খুঁজছিলেন। ওয়ালডে খসে পড়া পাথরে ভরা ঢাল বেয়ে নিচে নেমে পাহাড়ের গায়ের একটি সরু সমতল জায়গায় পৌঁছান। সেখানে গুহার মুখ মিলবে বলে আশা করলেও শুরুতে তিনি কিছুটা হতাশ হয়েছিলেন। ওয়ালডে জানান, তিনি নিচে নামতে নামতে দড়ির শেষ প্রান্তে পৌঁছেছিলেন।
সেদিন সকালে শারীরিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও ওয়ালডে ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক কাঁধে নিয়েছিলেন। শেষ কয়েক মিটার পথ দড়ির সাহায্য ছাড়াই পাড়ি দিয়ে তিনি গুহার মুখে পৌঁছান। ওয়ালডের হেডল্যাম্পের আলো গুহার ভেতরের অংশে পড়লে সেখানে বরফযুগের কঙ্কালের এক বিশাল সমাধিক্ষেত্র উন্মোচিত হয়। বিশেষজ্ঞরা এগুলোকে ‘আরসাস লাডিনিকাস’ প্রজাতির গুহাভালুকের কঙ্কাল বলে ধারণা করছেন, যা প্রায় ২৪ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায়।
এই নতুন গুহাটি ফানেস সেনেস ব্রাইস ন্যাচারাল পার্কের বিখ্যাত কন্টুরিনেস গুহার ঠিক অপর পাশেই অবস্থিত। ১৯৮৭ সালে কন্টুরিনেস গুহা আবিষ্কারের পর গুহাভালুক সম্পর্কে মানুষের ধারণা বদলে গিয়েছিল। নতুন এই গুহাটি কন্টুরিনেসের চেয়েও বেশি হাড় ধারণ করছে এবং এটি পূর্বের সেই ধারণা আবারও বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। কন্টুরিনেসে পাওয়া বিশালদেহী গুহাভালুকগুলোর ওজন ছিল প্রায় ১ হাজার ২০০ কেজি এবং লম্বায় এগুলো তিন মিটার পর্যন্ত হতো। এই ভালুকগুলো মূলত আল্পসের ভেষজ উদ্ভিদ, পাতা ও ঘাস খেয়ে বেঁচে থাকত।
গত ৪১ বছর ধরে পাহাড়ে চড়ার গাইড হিসেবে কাজ করছেন ওয়ালডে। কন্টুরিনেস অঞ্চলে এখনো অনেক কিছু আবিষ্কারের বাকি আছে বলে তিনি বিশ্বাস করতেন। সাড়ে তিন বছর আগে পাহাড়ের গায়ে একটি কালো দাগ তাঁর নজর কাড়ে। জায়গাটি দেখার জন্য তিনি ২০২৬ সালের জুলাই মাসে অভিযানে নামেন। গুহায় ঢুকেই কন্টুরিনেসের সঙ্গে মিল দেখে অবাক হন ওয়ালডে। তিনি উপহার খোলার আগের আনন্দময় অপেক্ষার অনুভূতিটা দীর্ঘ করতে চেয়েছিলেন। গুহার প্রথম ৬০ মিটার পথ সোজা চলে গেছে এবং সেখানে টেবিলের মতো পাথরের স্তরের ওপর রহস্যজনকভাবে পড়ে থাকা একটি হাড় তাঁর চোখে পড়ে।
বিজ্ঞাপন
ওয়ালডে আরও ভেতরে এগিয়ে অসংখ্য হাড় ও খুলির দেখা পান, যার মধ্যে ঘাড়ের কশেরুকার সঙ্গে যুক্ত একটি খুলিও ছিল। খুব সাবধানে পা ফেলার সময় তাঁর মনে হচ্ছিল, জায়গাটি একসময় প্রাণে ভরপুর ছিল। গবেষকদের ধারণা, কন্টুরিনেসের হাড়গুলোর বয়স ৪৬ থেকে ৫০ হাজার বছর। বিজ্ঞানীরা স্থানীয় লাদিন জনগোষ্ঠীর নামানুসারে এই প্রজাতির নাম দিয়েছেন আরসাস লাডিনিকাস। গুহার খনিজ স্তরগুলো ৬০ লাখ বছরের জলবায়ুর ইতিহাস ধরে রেখেছে, যা অতীতের উষ্ণ আবহাওয়ার প্রমাণ দেয়। সেই সময় আবহাওয়া উষ্ণ থাকায় বিচগাছ অনেক উঁচু পাহাড়েও জন্মাত।
নতুন এই গুহায় ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক হাড় বরফযুগের বিভিন্ন প্রাণীর হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এর আগে আল্পসের অন্যান্য গুহাতে গুহা সিংহ, হায়েনা ও চিতাবাঘের দেহাবশেষ পেয়েছেন বিজ্ঞানীরা। ওয়ালডে এই আবিষ্কারের খবর জানান ক্রিশ্চিয়ান তেরজারকে। আগস্টের শুরুতে বলজানোর প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক হন তেরজার। গুহার নিদর্শন দূষিত হওয়ার আশঙ্কায় প্রত্নতত্ত্ব বিভাগ হেলিকপ্টারে সরঞ্জাম পাঠায়। অনধিকার প্রবেশ ঠেকাতে কর্মীরা গুহার ২০ মিটার ভেতরে একটি ফটক বসান এবং ত্রিপল দিয়ে এলাকাটি সিল করে দেন।