যশোর আদালতে ৩৮ বছর ধরে জুতা সেলাই করছেন শচীন দাস
অভাবের সংসারেও পত্রিকা পড়া ও বাউলগানে আনন্দ খুঁজে নেন এই কারিগর
যশোর জেলা প্রতিনিধি · যশোর
প্রকাশ:
যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে দীর্ঘ ৩৮ বছর ধরে জুতা সেলাই ও পলিশের কাজ করছেন শচীন দাস। ৫৬ বছর বয়সী শচীন দাসের বাড়ি যশোর সদর উপজেলার সজলপুর জামতলায়। ১৯৮৬ সালে যশোর শহরের মুসলিম একাডেমি থেকে মাধ্যমিক পাস করার পর তিনি তাঁর বাবা দেবু গোসাইয়ের পেশাকেই বেছে নেন, যিনি নিজেও ৫৫ বছর এই পেশায় নিয়োজিত ছিলেন।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকালে আদালতের সামনের একটি দোকান থেকে পত্রিকা কিনে তিনি কাজে বসেন। কাজের ফাঁকে তিনি প্রতিদিন চার থেকে পাঁচটি পত্রিকা পড়েন। এছাড়া প্রতি সপ্তাহে তিনি বাড়িতে বাউলগানের আসর বসান এবং লালনসংগীতের চর্চা করেন। শচীন দাস জানান, প্রতি বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গানের আসর বসে, যেখানে স্ত্রী, ছেলে, ছেলের বউ ও নাতিসহ পরিবারের সদস্যরা বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ করেন।
শচীন দাসের সাত সদস্যের সংসারে রয়েছেন মা, স্ত্রী, ছেলে, ছেলের বউ ও দুই নাতি। তাঁর দুই মেয়ে বিবাহিত এবং স্বামীর বাড়িতে থাকেন। ছেলে সত্য দাসকে এই পেশায় না এনে সেলুনের কাজ শিখিয়েছেন শচীন। তিনি বলেন, ‘মানুষ এখনো এই কাজটাকে অনেক ছোট মনে করে। সম্মান দেয় না। সে কারণে সন্তানকে আর এই পেশায় নিয়ে আসিনি।’
বর্তমানে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ টাকা আয় করেন শচীন দাস এবং তাঁর ছেলে সেলুনের কাজ করে ২০০ থেকে ২৫০ টাকা সংসারে দেন। ভাড়া বাড়িতে থাকা শচীন আক্ষেপ করে বলেন, ‘বর্তমানে ভাড়া বাড়িতে থাকি। ছেলে ও আমার আয় দিয়ে কোনোরকমে সংসার চলে। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। তাই পত্রিকা পড়ে, গানবাজনা করে ছোট ছোট সুখ খুঁজি। এতেই আনন্দ পাই।’