রাবার শ্রমিকের পরিবারে ৬১ চিকিৎসক: ১০৪ বছর বয়সে লু সিউ চিনের মৃত্যু
১০৪ বছর বয়সে মারা যাওয়া লু সিউ চিনের পরিবারে তিন প্রজন্ম মিলিয়ে চিকিৎসক ৬১ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ার রাবার বাগানের শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন লু সিউ চিন ও তাঁর স্বামী লিম তাং তু। কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁরা যে পরিবারের ভিত্তি গড়েছিলেন, সেই পরিবারের হাত ধরে এখন চিকিৎসকদের বিশাল এক প্রজন্ম তৈরি হয়েছে। বিভিন্ন প্রজন্ম মিলিয়ে এই পরিবারে এখন চিকিৎসকের সংখ্যা ৬১ জন। ১২ নভেম্বর ১০৪ বছর বয়সে লু সিউ চিন মারা গেছেন।
বিজ্ঞাপন
১৬ নভেম্বর মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ারে ট্রিনিটি চার্চ সমাধিক্ষেত্রে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই আয়োজনে পরিবারের ১২০ জনের বেশি সদস্য অংশ নেন, যাদের অনেকে মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের শোকবার্তাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে কয়েক ডজন সদস্যের নামের আগে ‘ডাক্তার’ উপাধি দেখা গেছে। শোকবার্তায় উল্লেখ করা হয়, লু সিউ চিনের ১১ সন্তান—৯ ছেলে ও ২ মেয়ে রয়েছে। এছাড়া তাঁর ৪৮ জন নাতি-নাতনি, ২৩ জন পুত্রবধূ ও জামাতা এবং ৫১ জন প্রপৌত্র-প্রপৌত্রী রয়েছে। তাঁদের মধ্যে ৩৯ জনের নামের আগে চিকিৎসক উপাধি যুক্ত আছে।
পরিবারের মেয়ে ৬৬ বছর বয়সী কারিন লিম ‘দ্য স্টার’ পত্রিকাকে জানান, পুত্রবধূ ও জামাতাসহ সব প্রজন্ম মিলিয়ে প্রকৃতপক্ষে চিকিৎসকের সংখ্যা ৬১। পরিবারের আরও কয়েকজন তরুণ সদস্য বর্তমানে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। ২০১৭ সালে যখন এই পরিবারের খবর প্রকাশিত হয়েছিল, তখন চিকিৎসকের সংখ্যা ছিল ৪৫ জন।
চিকিৎসক হওয়ার পেছনে একটি বেদনাদায়ক ঘটনা কাজ করেছে। মুয়ারের রাবার বাগানে কাজ করার সময় লু সিউ চিন ও লিম তাং তু দম্পতির এক সন্তান অসুস্থতায় মারা যায়, কারণ তখন ওই এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ ছিল সীমিত। কারিন বলেন, ‘সেই মর্মান্তিক ঘটনা আমার মাকে অন্যের জীবন বাঁচানোর জন্য সন্তানদের চিকিৎসক হওয়ার ব্যাপারে উৎসাহিত করতে অনুপ্রাণিত করেছিল। কঠিন পরিস্থিতির মধ্যেও আমার বাবা-মা সব সময় বিশ্বাস করতেন, উন্নত ভবিষ্যতের চাবিকাঠি হলো শিক্ষা।’
পরিবারটির চিকিৎসক হওয়ার যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে, যখন তাঁদের বড় ছেলে চিকিৎসাবিদ্যা পড়তে ভারতে যান। পরে তাঁর পথ ধরে ছোট সাত ভাইও চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে চিকিৎসক হন। লু সিউ চিনের ১১ সন্তানের মধ্যে ৮ জন ছেলে চিকিৎসক, এক ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত, বড় মেয়ে গৃহিণী এবং কারিন নিজে পেনাংয়ে আইন পেশায় নিয়োজিত। কারিন জানান, তিনিও একসময় চিকিৎসাশাস্ত্রে পড়ার কথা ভেবেছিলেন, কিন্তু বড় ভাইয়ের পরামর্শে আইন পেশা বেছে নেন।
বিজ্ঞাপন
কারিনের ভাষ্যমতে, পরিবারে এত চিকিৎসক থাকায় মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া সহজ হয়েছিল, যা তাঁকে ১০৪ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে সহায়তা করেছে। তবে তাঁর দীর্ঘ জীবনের পেছনে মায়ের ‘দৃঢ় মনোবল’ বড় ভূমিকা পালন করেছে। কারিন আরও বলেন, ‘আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে রয়েছে আমাদের বাবা-মায়ের কঠোর শাসন ও শৃঙ্খলাপূর্ণ লালন-পালন।’
লু দম্পতি সন্তানদের বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি পারিবারিক ঐক্য ধরে রাখতেও বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। ছুটির দিন ও উৎসবে সব সদস্যকে একত্র হওয়ার নিয়ম চালু করেছিলেন তাঁরা, যা বাবা-মায়ের মৃত্যুর পরও ভাইবোনেরা নিয়মিত পুনর্মিলনীর মাধ্যমে ধরে রেখেছেন। এক রাবার বাগান শ্রমিকের সন্তানদের হাত ধরে শুরু হওয়া এই যাত্রা শিক্ষা, অধ্যবসায় ও পারিবারিক ঐক্যের অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।