টিস্যু দিয়ে যেসব জিনিস পরিষ্কার করা উচিত নয়
কাচ, ইলেকট্রনিক স্ক্রিন ও কাঠের আসবাবসহ কিছু জিনিসে টিস্যু ব্যবহারের ফলে উল্টো ক্ষতি হতে পারে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দৈনন্দিন গৃহস্থালি কাজে তেল-মসলা মোছা কিংবা ময়লা পরিষ্কারে কিচেন টিস্যু বা পেপার টাওয়েল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, সব ধরনের আসবাব বা পৃষ্ঠ পরিষ্কারের জন্য টিস্যু উপযুক্ত নয়। কিছু সংবেদনশীল জিনিসে টিস্যু ব্যবহার করলে তাতে সূক্ষ্ম আঁচড় পড়ে, উজ্জ্বলতা কমে যায় এবং কাগজের ছোট ছোট গুঁড়া লেগে থাকে।
বিজ্ঞাপন
জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘মাউন্টেন টপ ক্লিনিং অ্যান্ড মেইনটেন্যান্স’-এর পেশাদার পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ জেসিকা ইংলিশ এবং পরিবেশবান্ধব পরিচ্ছন্নতা ব্র্যান্ড ‘এল’আভান্ত কালেক্টিভ’-এর সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্টি লর্ড এই বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। তাদের মতে, আয়না বা জানালার কাচ পরিষ্কারের জন্য টিস্যু বর্জন করা উচিত। জেসিকা ইংলিশ বলেন, “অধিকাংশ পেপার টাওয়েল বা টিস্যু কাঠের মণ্ড বা তন্তু দিয়ে তৈরি, যা মোছার সময় ভেঙে গিয়ে কাচের গায়ে সূক্ষ্ম কণা ও দাগ ফেলে রাখে।” এর পরিবর্তে মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের মতো ইলেকট্রনিক স্ক্রিনগুলোতে বিশেষ সুরক্ষামূলক আবরণ থাকে। টিস্যুর খসখসে তন্তুর ঘর্ষণে এই আবরণ নষ্ট হয়ে স্ক্রিনে আঁচড় পড়তে পারে। তাই এসব ডিভাইসের ক্ষেত্রে নরম মাইক্রোফাইবার কাপড় অথবা স্ক্রিন-বান্ধব ‘ওয়াইপস’ ব্যবহার করা নিরাপদ।
বইয়ের তাক বা ডাইনিং টেবিলের মতো বার্নিশ করা কাঠের আসবাবেও টিস্যু ব্যবহার করা ক্ষতিকর। জেসিকা ইংলিশের মতে, “টিস্যুর খসখসে তন্তু কাঠের বার্নিশ বা ‘পলিইউরেথেন’ আবরণে অতি সূক্ষ্ম আঁচড় তৈরি করে এবং ধীরে ধীরে আসবাবের স্বাভাবিক উজ্জ্বলতা ম্লান করে দেয়। এছাড়া কাঠের অমসৃণ অংশে কাগজের টুকরোও আটকে যায়।” এক্ষেত্রে শুকনো সুতি বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
রেফ্রিজারেইটর বা ডিশওয়াশারের মতো স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতির গায়েও টিস্যু ব্যবহার করা উচিত নয়। জেসিকা ইংলিশ সতর্ক করে বলেন, “টিস্যু দিয়ে মুছলে এই প্রলেপে আঁচড় পড়ে এবং কাগজের গুঁড়া লেগে থাকে।” ক্রিস্টি লর্ড আরও যোগ করেন যে, “কালো স্টেইনলেস স্টিলের যন্ত্রে পাতলা পলিমার আবরণ থাকে, যা ঘর্ষণের ফলে উঠে গিয়ে ভেতরের রুপালি রং বেরিয়ে পড়ে।” এর বিকল্প হিসেবে নরম মাইক্রোফাইবার কাপড়ে স্টেইনলেস স্টিল ক্লিনার বা সাবান পানি ব্যবহারের কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
ঢালাই লোহার প্যান বা কাস্ট আয়রনের পাত্রের পৃষ্ঠ অমসৃণ হওয়ায় টিস্যু দিয়ে মুছলে তাতে কাগজের ক্ষুদ্র কণা আটকে যায়, যা পরে খাবারের সঙ্গে মিশে যেতে পারে। এছাড়া টিস্যু দিয়ে পোড়া খাবার তোলাও কঠিন। তাই এসব পাত্র পরিষ্কার করতে শক্ত ব্রাশ বা স্ক্রাবার ব্যবহার করা এবং ধোয়ার পর সুতি কিচেন টাওয়েল দিয়ে শুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।