ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা সার্টিফিকেট কোর্সে ভর্তির সুযোগ
আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহীদের
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশি নাগরিকদের আরবি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে ইসলামিক ফাউন্ডেশন ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’ (সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিক)-এর ৩য় ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ মাস মেয়াদি এই কোর্সটি ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীনে আরবি ভাষা ইনস্টিটিউটে পরিচালিত হবে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই কোর্সের সময়কাল নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের ওপর তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউট থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজ (IF Deeny Dawat & Culture Dept. Baitul mokarram) থেকেও ফরম ডাউনলোড করা যাবে।
পূরণকৃত ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। কোর্স ফি হিসেবে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ হিসাব নম্বরে জমা দিতে হবে।
বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। সপ্তাহে তিন দিন (রবি, সোম ও বুধবার) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস চলবে। প্রতিদিন ২টি করে মাসে ২৪টি ক্লাস হিসেবে পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস অনুষ্ঠিত হবে, যার প্রতিটির ব্যাপ্তি হবে ১ ঘণ্টা। বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে এসব ক্লাস নেওয়া হবে এবং কোর্স শেষে সফল শিক্ষার্থীদের সনদ প্রদান করা হবে।