গম্ভীরা নাট্যের মাধ্যমে পরিবেশসচেতনতার বার্তা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে পরিবেশদূষণ রোধের গুরুত্ব তুলে ধরল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
পরিবেশদূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী গম্ভীরা নাট্য পরিবেশন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ছিল একটি পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ। নাট্যের হাস্যরস, সংলাপ ও ব্যঙ্গের মাধ্যমে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা দর্শকদের সামনে তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্রের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানা ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। বন্ধুসভার মতো সংগঠনের মাধ্যমে তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও প্রথম আলোর ভূমিকা রয়েছে। পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গম্ভীরা নাট্যের মাধ্যমে তুলে ধরার উদ্যোগটি প্রশংসনীয়। তরুণেরা এভাবে সংস্কৃতির সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে যুক্ত করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নুসরাত জাহান সোনিয়া জানান, ঢাকার পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক তারেক হাসান সরকার বলেন, ‘গম্ভীরা আমাদের প্রাচীন লোকজ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নাট্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের নানা অসংগতি, সমস্যা ও মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়। আমরা এবার পরিবেশসচেতনতা ও দূষণ প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গম্ভীরাকে বেছে নিয়েছি। আমাদের উদ্দেশ্য শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন নয়, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথাও তুলে ধরা।’
আয়োজনে বায়ুদূষণ, পানিদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন, সভাপতি নুসরাত জাহান সোনিয়া, সাধারণ সম্পাদক তারেক হাসান সরকারসহ বন্ধুসভার সদস্যরা।