তারেক রহমানের ৬২তম জন্মদিনে ঢাবিতে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ
জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসের মল চত্বরে ৬২টি চারাগাছ রোপণ করা হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এতে অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, ‘প্রচলিত কেক কাটার অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর ৬২তম জন্মদিনে ৬২টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক পর্যায়ে তারেক রহমান বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন এবং জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, গত ১৩ জুন কক্সবাজারের মালুমঘাট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয় এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে প্রায় ৩ কোটি ১৭ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, তারেক রহমান সাধারণত জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকতা এড়িয়ে চলেন এবং ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলেও তিনি তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবুজায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কর্মসূচি গ্রহণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়াসহ বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।