মাদারীপুরে মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
মাদারীপুর সদর উপজেলার মধ্যচক এলাকায় বাড়ির উঠানে কথা বলার সময় হামলার শিকার হন বেগম বিবি
মাদারীপুর জেলা প্রতিনিধি · মাদারীপুর
প্রকাশ:
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় বৃহস্পতিবার দুপুরে বেগম বিবি (৬৯) নামের এক বৃদ্ধা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। ঘটনার সময় তিনি বাড়ির উঠানে বসে নিজের মেয়ে শিখামণির (৩৭) সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। স্থানীয় ও পুলিশ জানায়, ওই সময় অজ্ঞাত ব্যক্তিরা বাঁশের মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
নিহত বেগম বিবি ওই এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী। ঘটনার সময় তিনি নাতি নয়ন মোল্লার (২০) সঙ্গে থাকতেন, তবে নয়ন তখন অটোরিকশা নিয়ে কাজে বাইরে ছিলেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
নিহতের মেয়ে শিখামণি জানান, ফোনে কথা বলার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। শিখামণি বলেন, ‘প্রথম ভাবছিলাম, ফোন হাত থেকে পড়ে গেছে। পরে দেখি, আম্মায় কোনো কথা কয় না। পরে প্রতিবেশীগো ফোন করে জানতে পারি, আম্মারে বাঁশের মুগুর দিয়া মাথায় আঘাত কইরা মাইরা ফালাইছে।’ নিহতের ছেলে জসিম মোল্লা (৪২) বলেন, ‘আমি ঢাকায় থাকি। আমার ছেলে আর মা গ্রামে থাকে। খবর পেয়ে বৃষ্টির মধ্যে ছুটে এসেছি। মা আর বেঁচে নেই। মাকে খুন করা হয়েছে।’
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকার কয়েকজন মাদকসেবী টাকার জন্য এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মধ্যচক এলাকার বাসিন্দা মজিবুর রহমান জানান, বৃদ্ধার পাশে একটি বাঁশের মুগুর পড়ে থাকতে দেখেছেন তিনি। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই নারীর বাড়ির পাশে পরিত্যক্ত ঘরে মাদক সেবনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।