কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
সৈকতের ঝাউবাগানে বালু দিয়ে তৈরি করা হয়েছে নানা প্রাণীর প্রতিকৃতিসহ জাতীয় স্থাপনা
কক্সবাজার জেলা প্রতিনিধি · কক্সবাজার
প্রকাশ:
কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের পূর্ব পাশের ঝাউবাগানে এখন দেখা মিলছে হাতি, বাঘ, হাঙর, তিমি ও ইলিশের বালুর ভাস্কর্য। তবে এগুলো বাস্তব নয়, বরং যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডার শিল্পীরা বালু দিয়ে এসব ভাস্কর্য তৈরি করেছেন। বন ও সাগরের প্রাণীর পাশাপাশি এখানে জাতীয় স্মৃতিসৌধ, সংসদ ভবন ও শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিকৃতিও ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনকেও বালুর ভাস্কর্যে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গা জুড়ে আজ রোববার বিকেল থেকে শুরু হচ্ছে এই উৎসব। তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল’ উপলক্ষ্যে এলাকাটিকে ১৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন, ক্যাম্পিং, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস। সাংস্কৃতিক পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর জন্যও আলাদা জায়গা রাখা হয়েছে এবং এর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, “কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকেরা দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় তাঁরা সমুদ্রসৈকত ও বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে কাটালেও সন্ধ্যার পর সৈকতের আশপাশে বিনোদনের তেমন সুযোগ নেই। পর্যটকদের বাড়তি বিনোদন দিতেই কার্নিভ্যালকে সাজানো হয়েছে।” তিনি আরও জানান, এখানে রাত-দিন ২৪ ঘণ্টা সময় কাটানোর সুযোগ রাখা হয়েছে।
স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আহমেদ সুপ্রতিম বলেন, কক্সবাজারকে বাংলাদেশের পর্যটনের রাজধানী বলা হয়। তিনি বলেন, “এখানে পর্যটকদের জন্য দিন-রাত নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন।” কার্নিভ্যালের প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’ উল্লেখ করে তিনি জানান, প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
কার্নিভ্যালে সমুদ্রের কাছাকাছি ক্যাম্পিংয়ের সুযোগের পাশাপাশি তাঁবুতে রাতযাপনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া একসঙ্গে এক হাজারের বেশি মানুষের খাবারের আয়োজন, গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের সুযোগও থাকছে। পর্যটকদের বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য বিক্রির সুযোগও রাখা হয়েছে বলে জানিয়েছেন হোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, নেদারল্যান্ডসের শিল্পী পল হোগার্ট ও রেমি হোগার্ট বালু দিয়ে হাতির ভাস্কর্য তৈরি করেছেন। পল হোগার্ট (৬০) জানান, তিনি বিশ্বের ৩২টি দেশে অন্তত ২৫০টি পূর্ণাঙ্গ হাতির ভাস্কর্য বানিয়েছেন। তিনি বলেন, “সাগর আর পাশের ঝাউবনের কারণে এখানকার পরিবেশ অনন্য। এর মধ্যেই বালুকণা দিয়ে শিল্পকর্ম বানানোর এমন অভিজ্ঞতা কোথাও হয়নি।” তিনি আরও বলেন, “দেশ-বিদেশের পর্যটক টানতে এসব বালুর ভাস্কর্য অবদান রাখবে।”
রেমি হোগার্ট (৫০) বলেন, “বালু দিয়ে আমরা বাংলাদেশের বনের প্রাণী, সমুদ্রতলের রহস্য তুলে ধরছি। কক্সবাজার দারুণ একটা জায়গা। আমরা কাজের ফাঁকে বাংলাও শিখছি।” তিনি আরও বলেন, “আমি বাংলা পারি, বাংলা ভালোবাসি।” এই দুই শিল্পীকে সহযোগিতা করছেন বাংলাদেশি শিল্পী জীবন রায় (৪০), যার বালু ভাস্কর্য তৈরিতে একযুগের অভিজ্ঞতা রয়েছে।
হাতি ভাস্কর্যের সামনে কানাডার শিল্পী ডেভিড বিলিংস জাতীয় সংসদ ভবনের ভাস্কর্য তৈরি করছেন, যাকে সহযোগিতা করছেন জীবন রায়। এছাড়া সেখানে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও সমুদ্রতলের প্রাণীদের ভাস্কর্যও রয়েছে। জীবন রায় বলেন, “বালু দিয়ে যে সুন্দর স্ট্রাকচার বানানো যায়, গল্প বলা যায়, তা এই ভাস্কর্য জোনে ঘুরলেই আন্দাজ করা যাবে। মূলত আমরা বালু ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের প্রাণপ্রকৃতি, জলবায়ু সংকট, ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনাগুলো তুলে ধরছি।”