পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
রায়পুরে ভাড়া বাসার মাটির নিচ থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি · রায়পুর, লক্ষ্মীপুর
প্রকাশ:
উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মগোপনে ছিলেন। ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করেন। স্থানীয়দের ভাষ্যমতে, পালানোর চেষ্টাকালে তিনি একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন। পরবর্তীতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং ১৭ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদের সময় তাঁর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হলেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়েছে। ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল এগুলো নিষ্ক্রিয় করে। বিস্ফোরক আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের প্রায় দুই মাস আগে পরিচয় গোপন করে ওই বাড়ি ভাড়া নেন মামুন। বাড়ির মালিককে তিনি জানিয়েছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করবেন। সেখানে তিনি এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে ২১ বছর বয়সে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং তিনি নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন ও তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনা অন্যতম।