চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন
ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি আসন পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি
চাঁদপুর জেলা প্রতিনিধি · চাঁদপুর
প্রকাশ:
চাঁদপুর কোর্ট রেলস্টেশন–সংলগ্ন এলাকায় আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের বগিটির দুটি আসন পুড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি।
বিজ্ঞাপন
চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনটি বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন, ফলে আগুন আর ছড়িয়ে পড়েনি।
ট্রেনের একাধিক কর্মচারী জানিয়েছেন, বগির কাছাকাছি একটি বোতল পাওয়া গেছে। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রলজাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে, তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করেছে।
রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। নির্ধারিত সময় অনুযায়ী আজ শনিবার ভোর পাঁচটায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।