গাজীপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ
গ্রেপ্তারের এক দিন পর কাশিমপুর এলাকায় এই ঘটনা ঘটে
গাজীপুর জেলা প্রতিনিধি · গাজীপুর
প্রকাশ:
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় শনিবার সকাল ছয়টার দিকে সাবেক কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁর বসতঘরে আগুন দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আসবাবসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে সাইজুউদ্দিন মোল্লাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাইজুউদ্দিন মোল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিট বা কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা সেখান দিয়ে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে থাকতে পারে।
পরিবারের দাবি, অগ্নিসংযোগের আগে দুর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালিয়েছে। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান জানান, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে এবং তার বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।