বরিশালে নারীদের স্বাবলম্বী করতে ‘প্রজেক্ট প্রেরণা’র কার্যক্রম
পাঁচ শিক্ষার্থীর উদ্যোগে বদলে যাচ্ছে কীর্তনখোলা তীরের দুই শতাধিক নিম্নবিত্ত নারীর জীবন
বরিশাল জেলা প্রতিনিধি · বরিশাল
প্রকাশ:
ইচ্ছাশক্তি ও সৃজনশীলতার মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনে পরিবর্তন আনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের পাঁচ শিক্ষার্থী। কীর্তনখোলা নদীর তীরের স্টেডিয়াম কলোনির নিম্নবিত্ত নারীদের নিয়ে গড়ে তোলা ‘প্রজেক্ট প্রেরণা’ নামের এই উদ্যোগটি কেবল অভাব দূর করছে না, বরং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনুকরণীয় মডেল হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
স্টেডিয়াম কলোনির দুই শতাধিক নারীর সেলাইয়ের দক্ষতা ও কাজের আগ্রহ থাকলেও উপার্জনের সুযোগ ছিল না। ২০২৪ সালের নভেম্বরে মাত্র সাড়ে চার হাজার টাকা পুঁজি নিয়ে পাঁচ তরুণ শিক্ষার্থী আবির মাহমুদ মুনতাহির, ইমরান হোসেন, বীথি আক্তার, মো. সিয়াম ও নন্দিনী তিথি এই নারীদের ঘরে ঘরে গিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তাঁদের তৈরি ফেলে দেওয়া কাপড়ের দৃষ্টিনন্দন ব্যাগ ও নকশিকাঁথা এখন অনলাইনের পাশাপাশি ব্র্যাক ও বহ্নিশিখার মতো প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে। প্রথম বছরে ৩০ হাজার টাকা বিক্রির পর চলতি বছরে তা প্রায় দুই লাখ টাকায় পৌঁছেছে।
এই উদ্যোগের উদ্যোক্তারা নারীদের কেবল ‘শ্রমিক’ হিসেবে না দেখে নিজেদের ‘পার্টনার’ বা অংশীদার হিসেবে বিবেচনা করেন। ফলে রিয়ামনি আক্তার বা সাথী আক্তারদের মতো গৃহবধূরা ঘরে বসে মাসে ৯ থেকে ১০ হাজার টাকা আয় করছেন, যা তাঁদের পরিবারে গুরুত্ব ও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। উদ্যোক্তাদের একজন বীথি আক্তার নিজেই এই বস্তিতে বেড়ে উঠেছেন এবং শৈশব থেকে দেখা নারীদের আর্থিক দুরবস্থা ঘোচানোর তাগিদ থেকেই তিনি ব্যাগের নকশা করছেন।
তবে সম্ভাবনাময় এই উদ্যোগটি বর্তমানে কিছু সীমাবদ্ধতার মুখে পড়েছে। উন্নত সেলাই মেশিনের অভাবে মোটা কাপড়ের ব্যাগের অনেক ক্রয়াদেশ তাঁদের ফিরিয়ে দিতে হচ্ছে এবং অনেক নারীর নিজস্ব মেশিন না থাকায় কেবল হাতের কাজের ওপর নির্ভর করতে হচ্ছে। উদ্যোক্তারা আগামী এক বছরে আরও ৩০ নারীকে যুক্ত করার পাশাপাশি একটি ‘মিনি প্রোডাকশন হাউস’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবে রূপ নেওয়া প্রয়োজন।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীরা উন্নত সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পাশে দাঁড়ালে কীর্তনখোলার পাড়ের এই উদ্যোগ দেশের আরও বহু প্রান্তিক জনপদে ছড়িয়ে পড়তে পারে। তরুণদের এই ইতিবাচক ও মানবিক উদ্যোগ টেকসই দারিদ্র্য বিমোচনের পথকে সুগম করতে সক্ষম।