হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
ঘটনাটি ওমানের খাসাব বন্দরের কাছে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসি।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওমানের খাসাব বন্দরের অদূরে এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।
বিজ্ঞাপন
আইআরজিসির নৌবাহিনীর তথ্যমতে, ওমানের খাসাব বন্দরের প্রবেশমুখে একটি ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘটনাগুলো ঘটে। এর পরপরই হরমুজ প্রণালির পূর্ব দিকের একটি ‘অননুমোদিত নৌপথে’ আরেকটি ট্যাংকার একইভাবে মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।
ইরানি বাহিনীর দাবি, নজরদারি এড়াতে এবং জলসীমায় নিজেদের উপস্থিতি গোপন রাখতে ট্যাংকার দুটি তাদের অবস্থান শনাক্তকরণব্যবস্থা বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছিল।
আইআরজিসি নৌবাহিনী এই নৌপথের নিরাপত্তা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে। তাদের দাবি, পুরো পথটিতে প্রচুর পরিমাণে মাইন পেতে রাখা হয়েছে। এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সহায়তাও জাহাজগুলোকে রক্ষা করতে পারবে না বলে তারা উল্লেখ করেছে।