পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ বলে অভিহিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে অদ্ভুত বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাম্পের এই বক্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার মতোই।
বিজ্ঞাপন
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, ট্রাম্প কী বলবেন বা কী পোস্ট করবেন সেটি তাঁর নিজস্ব বিষয়। তবে পুতিনকে বন্ধু বলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) একজন আগ্রাসনকারী...এবং একজন হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না।’
সম্প্রতি চীনে আয়োজিত এক সম্মেলনে পুতিনকে আলিঙ্গন করার সময় ট্রাম্প তাঁকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এর কয়েক দিন পর নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দুজনের করমর্দনের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘মাই ফ্রেন্ড’ বা ‘আমার বন্ধু’। এই ঘটনার এক সপ্তাহ পরই জেলেনস্কি এ মন্তব্য করলেন।
দীর্ঘদিন ধরেই ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্পের প্রকাশ্যে তিরস্কারের পর থেকে এই সম্পর্কের অবনতি স্পষ্ট হয়।
জ্বালানির উচ্চমূল্যের জন্য রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায়ী করেছেন ট্রাম্প। তিনি ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধের হুমকিও দিয়েছেন। জেলেনস্কির মতে, ট্রাম্পের এই অবস্থান রাশিয়াকে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যেতে উৎসাহিত করছে।