অ্যাপলের বিরুদ্ধে তথ্য চুরির মামলা করল ওপেনএআই
বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগ তুলে ক্যালিফোর্নিয়ায় মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগ এনে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় দায়ের করা এই মামলায় ওপেনএআই দাবি করেছে, তাদের এক সাবেক কর্মীকে নিয়োগ দেওয়ার মাধ্যমে অ্যাপল গুরুত্বপূর্ণ গোপন তথ্য হাতিয়ে নিয়েছে। এছাড়া ওপেনএআইয়ের নতুন ডিভাইস তৈরির কাজে হার্ডওয়্যার সরবরাহকারীদের যুক্ত হতে অ্যাপল নিরুৎসাহিত করছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার নথিতে ওপেনএআই উল্লেখ করেছে, ছয় মাস তাদের প্রতিষ্ঠানে কাজ করা এক সাবেক কর্মীকে পুনরায় নিয়োগ দিয়েছে অ্যাপল। ওই কর্মী ওপেনএআইয়ের নতুন ডিভাইস ও ভবিষ্যতের হার্ডওয়্যার পণ্য নিয়ে কোম্পানির পরিকল্পনার তথ্য জানতেন এবং সেগুলো নিজের ব্যক্তিগত ফোন নম্বরে পাঠিয়েছিলেন। ওপেনএআইয়ের অভিযোগ, ওই কর্মী অ্যাপলের অনুরোধে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মীদের কাছে ওপেনএআইয়ের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেছিলেন। ওপেনএআইয়ের ভাষ্যমতে, “সময়ের হিসাব ধরলে এখন মনে হচ্ছে, শুরুতে ওপেনএআইয়ে যোগ দেওয়ার পেছনে ওইসব নথি চুরি করাই হয়ত তার উদ্দেশ্য ছিল।”
এর আগে জুলাই মাসে ওপেনএআই ও তাদের দুই কর্মীর বিরুদ্ধে ফেডারেল মামলা করেছিল অ্যাপল। ওই সময় অ্যাপলের অভিযোগ ছিল, ওপেনএআই তাদের তথ্য চুরির ধারাবাহিক প্রচেষ্টায় লিপ্ত। সেই মামলায় আইম্যাক, আইপড ও আইফোন নকশাকার জনি আইভের ডিজাইন স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’-এর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়, যা গত বছর ৬৫০ কোটি ডলার চুক্তিতে কিনেছে ওপেনএআই। ওপেনএআইয়ের পাল্টা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে অ্যাপল জানিয়েছে, এটি তাদের নিজস্ব মামলার মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর একটি চেষ্টা।
অ্যাপলের একজন মুখপাত্র জানান, “মামলাটি ওপেনএআই কর্মীদের ইচ্ছাকৃতভাবে আমাদের অপ্রকাশিত প্রযুক্তি, প্রক্রিয়া, পণ্য সম্পর্কিত অ্যাপলের গোপন তথ্য চুরি, অ্যাক্সেস ও ব্যবহার করা নিয়ে, অ্যাপল তথ্যের অসাবধানতা ধরে রাখার বিষয়ে নয়।” এদিকে ওপেনএআইয়ের দাবি, অ্যাপল তাদের কর্মীদের ব্যক্তিগত আইক্লাউড অ্যাকাউন্টের সঙ্গে কাজের ফাইল মিশিয়ে ফেলতে উৎসাহিত করে, যাতে ভবিষ্যতে কেউ কোম্পানি ছাড়লে চুরির অভিযোগ আনা সহজ হয়।