দুই বছরের মধ্যে ঘরের কাজ করবে এক্সপেংয়ের রোবট
‘আয়রন’ নামের নতুন হিউম্যানয়েড রোবট উন্মোচন করেছে চীনা গাড়ি নির্মাতা কোম্পানি এক্সপেং।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বাণিজ্যিক ক্ষেত্রে সফল ব্যবহারের পর আগামী এক থেকে দুই বছরের মধ্যে ঘরোয়া কাজে হিউম্যানয়েড রোবট ব্যবহার শুরু হতে পারে বলে বিশ্বাস করে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি এক্সপেং। বুধবার ‘আয়রন’ নামের নতুন রোবট উন্মোচনের পর কোম্পানিটির কো-প্রেসিডেন্ট ব্রায়ান গু বলেছেন, প্রযুক্তি দ্রুত এগোনোয় বাসাবাড়িতে রোবটের ব্যবহার এখন সময়ের ব্যাপার। আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি-এর প্রতিবেদন অনুযায়ী, চীনা কোম্পানিটি সম্প্রতি হিউম্যানয়েড রোবট তৈরির বাজারে প্রবেশ করেছে।
বিজ্ঞাপন
ব্রায়ান গু বলেন, “বাণিজ্যিক পরিবেশে সফলভাবে ব্যবহারের পর হয়ত আরও এক থেকে দুই বছরের মধ্যে আমরা বাসাবাড়িতে এসব রোবট পাঠানোর বিষয়ে ভাবতে শুরু করতে পারি। প্রযুক্তি এখন অনেক দ্রুত এগোচ্ছে।” আগামী জানুয়ারিতে ‘আয়রন’ রোবটের উৎপাদন শুরুর পর বছরের প্রথম প্রান্তিকে নিজেদের গাড়ির বিক্রয়কেন্দ্রগুলোতে সহকারী হিসেবে এটাকে প্রশিক্ষণ দেওয়া শুরুর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। দ্বিতীয় প্রান্তিকে রোবটটির বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে ও বছরের শেষ দিকে গ্রাহকদের কাছে তা হস্তান্তর করা হবে।
২০১৪ সালে ইভি নির্মাতা হিসেবে যাত্রা শুরু করা এক্সপেং চীনের মূল ভূখণ্ডে চালক-সহায়তা প্রযুক্তি চালুর ক্ষেত্রে টেসলাকেও পেছনে ফেলেছিল। কোম্পানিটি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপও বাজারে এনেছে এবং ব্যক্তিগত উড়ুক্কু যান ও রোবোটিক্স খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে। চলতি গ্রীষ্মে কোম্পানিটির রোবোটিক্স ইউনিট ‘আইডিজি ক্যাপিটাল’-এর নেতৃত্বে প্রথম তহবিল সংগ্রহ পর্বে ৬৩০ কোটি ডলার মূল্যায়নে ৯০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে।
তবে এক্সপেংয়ের এসব অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রয়েছে এবং চীনের গাড়ির বাজারের মন্দাভাব কোম্পানিটির ওপর চাপ তৈরি করছে। পুরো খাতে দরপতনের মধ্যে নিউ ইয়র্ক ও হংকং শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সপেংয়ের শেয়ারের দাম এ বছর ৫৫ শতাংশের বেশি কমেছে। এছাড়া আরেক চীনা রোবট নির্মাতা কোম্পানি ‘ইউনিট্রি’র আইপিও’র পর শেয়ার দরপতন ঘটেছে এবং চীনের হিউম্যানয়েড রোবট শিল্পে অর্থায়নের ওপর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বেড়েছে।
ব্রায়ান গু দাবি করেন, হার্ডওয়্যার, সফটওয়্যার ও বাস্তব জীবনে ব্যবহারের ক্ষেত্র—এই তিনের সমন্বয়ের কারণে এক্সপেংয়ের রোবোটিক্স বিভাগ অন্যদের চেয়ে আলাদা। আগামী বছর আয়রনের বাণিজ্যিক যাত্রা শুরুর পর নতুন বিনিয়োগকারী যুক্ত হবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, “আপনি চাইলে রোবটের মাথাকে দিয়ে কথা বলাতে, পা দিয়ে দৌড়াতে বা হাত দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করাতে পারেন। তবে হাঁটতে হাঁটতে ও একইসঙ্গে প্রশ্নের উত্তর দিতে দিতে কোনো কাজ করা এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। আর পড়ে না গিয়ে বা মনোযোগ না হারিয়ে সবকিছু নিখুঁতভাবে করা; পুরো মডেলটিকে একসঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়।”
বিজ্ঞাপন
অধিকাংশ হিউম্যানয়েড রোবট স্টার্টআপ প্রযুক্তির নির্দিষ্ট অংশের ওপর মনোযোগ দিলেও এক্সপেংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হেই শিয়াওপেং সফটওয়্যার প্রকৌশলী হওয়ায় তিনি বিষয়টি ভিন্নভাবে দেখছেন। ব্রায়ান গু বলেন, “তবে ইভি ব্যবসায় আসার পর তিনি বুঝতে পারেন, আপনি যা করাতে চান তা নিরাপদে ও ধারাবাহিকভাবে হার্ডওয়্যার দিয়ে করিয়ে নেওয়া কতটা কঠিন।” বুধবার গাড়ি ও রোবট নিয়ন্ত্রণে এআই ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে ‘টিউরিং ফিজিক্যাল এআই আর্কিটেকচার’ ঘোষণা করেছে এক্সপেং।
ব্রায়ান গু আরও জানান, এক্সপেংয়ের রোবোটিক্স উন্নয়নের জন্য চালক-সহায়তা চিপই যথেষ্ট, যা তাদের কাছে রয়েছে। ফলে চীনে উন্নত এনভিডিয়া চিপ বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব সীমিত থাকবে এবং সরবরাহ চেইনে কোনো পরিবর্তন দেখছেন না তারা। ২০২৩ সালে এক্সপেংয়ের তৎকালীন স্বচালিত ড্রাইভিং বিভাগের প্রধান শিনঝোউ উ কোম্পানিটি ছেড়ে এনভিডিয়ার অটোমোটিভ চিপ ব্যবসার নেতৃত্বে যোগ দেন।
স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তিতে কোম্পানিটির বর্তমান কাজ নতুন পণ্য সারিতে রূপান্তর করা যাচ্ছে, যেখানে মুনাফার হার বেশি। ব্রায়ান গু-এর ভাষ্যমতে, “গাড়ির ব্যবসার চেয়ে রোবোটিক্স ব্যবসায় লাভজনক হওয়া সহজ।” আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রোবোটিক্স ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এবং এর মুনাফা আগামী বছর থেকেই আসা শুরু করতে পারে। তিনি আরও যোগ করেন, রোবটগুলো বাসাবাড়িতে প্রবেশ করলে এর বাজারদর নাটকীয়ভাবে বেড়ে যাবে।
তবে ব্রায়ান গু সতর্ক করে বলেন, বাণিজ্যিক পরিবেশের তুলনায় বাসাবাড়িতে রোবটকে বয়স্ক ব্যক্তি, শিশু ও পোষা প্রাণীদের আশপাশে নিরাপদে কাজ করতে হয়। এছাড়া জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা থাকতে হয়, যা ব্যাটারির শক্তি ও কর্মসক্ষমতার ধারাবাহিকতার চাহিদা বাড়িয়ে দেয়।