ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা
ব্যালন ডি’অরের ভোটিং ইতিহাসে জাভি হার্নান্দেজ ও নুনো মেন্দেজই কেবল মেসি ও রোনালদোর পছন্দ হয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
স্পেনে থাকাকালীন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন দুই মেরুর বাসিন্দা। একজন বার্সেলোনার হয়ে মাঠ কাঁপাতেন, অন্যজন রিয়াল মাদ্রিদের। এল ক্লাসিকোর উত্তাপ ছাড়িয়ে তাঁদের ব্যক্তিগত দ্বৈরথ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছিল, যার ছাপ পড়েছিল ব্যালন ডি’অরের মঞ্চেও। ব্যক্তিগত অর্জনে দুজন মিলে জিতেছেন মোট ১৩টি ব্যালন ডি’অর।
বিজ্ঞাপন
পুরস্কারের বিচারক হিসেবে দুজনের রুচিতে মিল খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব। মেসি কখনোই রোনালদোকে ভোট দেননি, আবার রোনালদোও মেসিকে ভোট দেননি। সাধারণত তাঁরা নিজেদের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদেরই প্রাধান্য দিয়েছেন। তবে মজার ব্যাপার হলো, ব্যালন ডি’অরের ইতিহাসে মাত্র দুজন ফুটবলার আছেন, যাঁরা মেসি ও রোনালদো—উভয়েরই ভোট পেয়েছেন। তাঁরা হলেন জাভি হার্নান্দেজ ও নুনো মেন্দেজ।
২০১০ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরে ভোট দেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর সামনে তিনটি নাম বেছে নেওয়ার সুযোগ ছিল। রোনালদো তাঁর প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন বার্সেলোনার জাভি হার্নান্দেজকে। দ্বিতীয় স্থানে রেখেছিলেন নিজের ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াসকে এবং তৃতীয় স্থানে ছিলেন ইন্টার মিলানের ওয়েসলি স্নেইডার। এটি বেশ বিস্ময়কর ছিল, কারণ জাভি ছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এবং পেপ গার্দিওলার বার্সেলোনার ফুটবল-দর্শনের অন্যতম স্থপতি। রোনালদো তাঁকে সর্বোচ্চ ৫ পয়েন্ট দিয়েছিলেন।
২০১০ সালে মেসি আর্জেন্টিনার অধিনায়ক না থাকায় ভোট দিতে পারেননি। তিনি ২০১১ সাল থেকে ভোট দেওয়া শুরু করেন এবং টানা তিন বছর জাভি হার্নান্দেজকে ভোট দেন। ২০১১ সালে প্রথম এবং ২০১২ ও ২০১৩ সালে দ্বিতীয় স্থানে রেখেছিলেন বার্সেলোনার এই মিডফিল্ডারকে। অর্থাৎ এল ক্লাসিকোর উত্তপ্ত দিনগুলোতেও জাভির ফুটবল-প্রতিভা নিয়ে মেসি বা রোনালদো কারও সংশয় ছিল না।
মেসি ও রোনালদো—দুজনেরই ভোট পাওয়া দ্বিতীয় নামটি হলো নুনো মেন্দেজ। ২০২১ সালে ব্যালন ডি’অরের তরুণ প্রতিভা নির্বাচনের ভোটে রোনালদো এই পর্তুগিজ ডিফেন্ডারকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন, যেখানে প্রথম স্থানে ছিলেন ম্যাসন গ্রিনউড। মজার বিষয় হলো, একই বছর মেসিও নুনো মেন্দেজকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন, যখন তাঁরা পিএসজিতে সতীর্থ ছিলেন। ২০২২ সালেও মেসি মেন্দেজকে দ্বিতীয় স্থানেই রেখেছিলেন।
বিজ্ঞাপন
মেসির ভোটে আরেকটি নাম আলাদা করে নজর কাড়ে, সেটি হলো জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডারকে মেসি ২০২১, ২০২২ ও ২০২৩ সালে টানা তিন বছর তৃতীয় স্থানে রেখেছেন। বেলিংহাম প্রথম দুই বছর বরুসিয়া ডর্টমুন্ডে খেললেও ২০২৩ সাল থেকে রিয়াল মাদ্রিদের তারকা। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত তরুণ প্রতিভা নির্বাচনে ছয়বার ভোট দিয়ে পাঁচবারই সঠিক বিজয়ীর নাম অনুমান করেছেন মেসি। তবে পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামালদের মতো বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার প্রতিভাদের প্রতি তাঁর পক্ষপাত ছিল স্পষ্ট।
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অরে ভোট দিলেও মেসি কোনোবারই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে ভোট দেননি, রোনালদোকেও নয়। তাই বেলিংহামকে ভোট দেওয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ। শেষ পর্যন্ত ফুটবল-প্রতিভার কোনো ক্লাব-জার্সি নেই, তা মেসি ও রোনালদো দুজনেই ভালো করেই জানেন।