শ্রীনগরে পুকুরে মিলল নিখোঁজ দুই চাচাতো ভাইয়ের লাশ
খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারালো মোস্তাফিজুর রহমান ও আলিফ হোসেন
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি · শ্রীনগর, মুন্সিগঞ্জ
প্রকাশ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মোস্তাফিজুর রহমান (৪) ও আলিফ হোসেন (৩)। মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে দুই শিশুর দাদা হালিম দেওয়ান তাদের নিয়ে পুরোনো বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরপাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খাবার খাওয়ানোর জন্য তাদের খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।
স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হক জানান, বেলা ১১টার দিকে তাদের হাসপাতালে আনা হয় এবং পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। হাসাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।