পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম
২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের আঁচ পাওয়া যাচ্ছে। ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। এই তিন তারকা ক্রিকেটারের পাশাপাশি আরও ৯ জন খেলোয়াড়কে তালিকা থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন এই চুক্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ‘ডেভেলপমেন্ট’ বা উঠতি ক্রিকেটারদের।
বিজ্ঞাপন
শনিবার পিসিবি ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। আগেরবারের তুলনায় এবার চুক্তিতে ৮ জন ক্রিকেটারকে বেশি অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলোয়াড় সংখ্যা বাড়ানোর পাশাপাশি চুক্তির কাঠামোতেও পরিবর্তন এনেছে বোর্ড। এবার ক্রিকেটারদের নির্দিষ্ট সংস্করণভিত্তিক পাঁচটি ভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, টেস্ট ও ওয়ানডে—উভয় সংস্করণের চুক্তি পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তাঁরা হলেন বাবর আজম ও সালমান আলী আগা। সম্প্রতি টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া বাবর আজমের নেতৃত্বে ২০ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতে পাকিস্তান, যা ছিল দুই বছর পর তাদের প্রথম সিরিজ জয়।
সালমান আলী আগাও টেস্ট ও ওয়ানডে সংস্করণের চুক্তি নিশ্চিত করেছেন। তবে কয়েক মাস আগে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার এবার টি-টোয়েন্টি চুক্তিতে নেই। তাঁর জায়গায় টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাহিবজাদা ফারহান শুধু টি-টোয়েন্টি সংস্করণের চুক্তি পেয়েছেন।
টেস্ট চুক্তিতে জায়গা পেয়েছেন আজান আওয়াইস, সৌদ শাকিল, মোহাম্মদ আব্বাস ও সাজিদ খান। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণের চুক্তিতে রয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
বিজ্ঞাপন
অন্যদিকে, শুধু টি-টোয়েন্টি চুক্তিতে আছেন সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাদাব খান ও উসমান তারিক। তালিকার সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ‘ডেভেলপমেন্ট’ শ্রেণি, যেখানে ১৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলা তায়েব আরিফ ও গাজী ঘোরি। এছাড়া নাসিম শাহর দুই ভাই উবাইদ শাহ ও হুনাইন শাহও এই তালিকায় রয়েছেন; যার মধ্যে উবাইদ এ বছরের শুরুতে একটি টেস্ট ম্যাচও খেলেছেন।
চুক্তি থেকে বাদ পড়া খেলোয়াড়দের তালিকাটি বেশ দীর্ঘ। রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব ছাড়াও বাদ পড়েছেন হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।