বাউন্সারে আহত লারাকে মৃত ভেবেছিলেন শোয়েব আখতার
২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বলের আঘাতে লারাকে হাসপাতালে নিতে হয়েছিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে বাউন্সারে আঘাত করার পর শোয়েব আখতার ভেবেছিলেন তিনি লারাকে মেরেই ফেলেছেন। সাউদাম্পটনের সেই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রান সংগ্রহ করেছিল। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় লারা শোয়েবের বলে একটি চার মারলে পরের বলেই শোয়েব একটি ভয়ংকর বাউন্সার করেন। বলটি লারার হেলমেটের নিচে ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
সম্প্রতি উইজডেনের অনুষ্ঠান ‘দ্য স্কুপ’-এ শোয়েব জানান, লারাকে আঘাত করার পর তার মনে হয়েছিল ভয়ংকর কিছু ঘটে গেছে। শোয়েব বলেন, ‘আমি মুখে হাত দিয়ে বসেছিলাম। ভাবছিলাম, না, না, না, না, না! ও এখন একটা দানব হয়ে উঠবে। ও আমাকে চার মেরেছে, তাই আমি এটা (বাউন্সার) করেছি। আমি জানি, আমি বলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি। তাই ওকে আঘাত করবই। কিন্তু বলটা ওর গায়ে লাগার পর আমার মনে হয়েছিল, আমি ওকে মেরেই ফেলেছি।’ লারাকে আঘাত করার আগে শোয়েব তাকে সতর্ক করে বলেছিলেন, ‘দয়া করে আমাকে চার মেরো না। তোমাকে আমি খুব ভালোবাসি। দয়া করে চার মেরো না। কিন্তু যদি মারো, তাহলে তোমার মাথা কেটে ফেলব।’
শোয়েব আখতার জানান, তার গতি ও আগ্রাসন নিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড়রা আতঙ্কিত থাকতেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ—পৃথিবীর যেখানেই গেছি, ড্রেসিংরুমে খেলোয়াড়েরা বলত, ভাই, আমাদের মেরে ফেলো না।’ এমনকি নাম প্রকাশ না করে একজন কিংবদন্তি ব্যাটসম্যান তাকে জানিয়েছিলেন, তার বলে আঘাত পাওয়ার পর তিনি আর ব্যাটিং করতে চাননি।
শোয়েবের ভাষ্যমতে, শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে আঘাত করার মুহূর্ত দুটি তার কাছে সবচেয়ে ভয়ের ছিল। তিনি বলেন, ‘জীবনে আর কোনো কিছুতেই আমি ভয় পাইনি; কিন্তু শচীনকে যখন আঘাত করেছি, লারাকে যখন আঘাত করেছি, তখন ভয় পেয়েছি। কারণ, আমি জানতাম আমার বলের গতি কতটা বেশি। আল্লাহ না করুন, ওদের কারও কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তেমন কিছু হয়নি।’ সেদিন লারাকে মাঠ ছাড়া করা শোয়েব ৭ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ম্যাচটি জিতেছিল।