মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে দেখছেন মেসির মা
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরাধিকার নিয়ে মুখ খুললেন লিওনেল মেসির মা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
গত অক্টোবরে লিওনেল মেসি অবসর গ্রহণের পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি কাউকে দেওয়া হয়নি। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এই জার্সির উত্তরসূরি পরবর্তীতে নির্ধারণ করা হবে। তবে এর মধ্যেই তরুণ মিডফিল্ডার নিকো পাজকে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকে। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন স্বয়ং লিওনেল মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি।
বিজ্ঞাপন
নিকো পাজের পরিবার জানিয়েছে, গত অক্টোবরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে এই ফুটবলারের সাক্ষাৎ হয়। আর্জেন্টিনার হয়ে সেটিই ছিল মেসির শেষ ম্যাচ। সেই ম্যাচে চমৎকার একটি গোল করার পর পাজ তার আইডল মেসিকে জড়িয়ে ধরেছিলেন। পাজের চাচা ফাবিয়ান পাজ জানিয়েছেন, ম্যাচের পর মেসির মা পাজকে বলেছিলেন, জাতীয় দলে তিনিই হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি।
রেডিও ‘লা রেড’কে দেওয়া সাক্ষাৎকারে ডিজাইনার ও টিভি উপস্থাপক ফাবিয়ান পাজ বলেন, ‘নিকো খুবই শান্ত এবং মাটির মানুষ। মেসির উত্তরসূরি হওয়ার কথা ও ভাবেও না। ওর কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল মেসির সঙ্গে দেখা হওয়া এবং তাঁর সঙ্গে খেলতে পারা—সেটাই ওর কাছে আকাশ ছোঁয়ার মতো আনন্দের ছিল।’
ফাবিয়ান পাজ আরও বলেন, ‘সেদিন ও (পাজ) ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে দেখে, মেসির মা কাঁদছেন। আগে থেকেই চেনাজানা থাকায় ও এগিয়ে গিয়ে তাঁকে অভিবাদন জানায়। তখন মেসির মা ওর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।”’
ফাবিয়ান যোগ করেন, ‘আমি তখন গাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। ও বাইরে এসে পুরোপুরি ঘোরের মধ্যে ছিল; বলল, “এইমাত্র আমার সঙ্গে যা ঘটল, তা বিশ্বাসই করতে পারছি না।” পুরো ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য। মন থেকে ও এখনো একদম শিশুর মতোই সরল।’
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে ৫ গোল করেছেন পাজ এবং এই সময়ে তিনিই জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। গতকাল সকালে কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ প্রীতি ম্যাচে ৭–০ গোলের জয়ে তিনি জোড়া গোল করেছেন। ম্যাচ শেষে ২২ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘এই (আর্জেন্টিনা) জার্সির প্রতিনিধিত্ব করতে পারাটাই সর্বোচ্চ ব্যাপার। আমি ১০ নম্বর জার্সি নিয়ে ভাবছি না। মাঠে আনন্দ পাচ্ছি আর এই দলটাও দারুণ।’