স্মার্ট টিভিতে দর্শক সংখ্যা মাপবে ইউটিউব
প্রাইভেসি‑ভিত্তিক পরিসংখ্যানগত পদ্ধতিতে দর্শকসংখ্যা নির্ধারিত হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
‘ইউটিউব ক্রিয়েটর ইনসাইডার’-এর এক এক্স পোস্টে জানানো হয়েছে যে, টেলিভিশনে ভিডিও দেখার সময় গুগলের এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন একজনের বেশি দর্শক গণনা করতে পারবে। এই নতুন পরিমাপক শুধুমাত্র টিভিতে দেখা ভিডিওর ক্ষেত্রেই অতিরিক্ত ‘কো-ভিউ’ যুক্ত করবে এবং এটি লং‑ফর্ম ভিডিও, শর্টস ও লাইভ ভিডিও সব ধরনের কনটেন্টে প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
প্ল্যাটফর্মটি উল্লেখ করে বলেছে, পরিবারের সবাই মিলে ভিডিও দেখার ক্ষেত্রে পূর্বে দর্শকসংখ্যা কম হিসাব করা হচ্ছিল, ফলে নির্মাতারা তাদের ভিডিওর রিচ সম্পর্কে সঠিক ধারণা পাননি। নতুন কো-ভিউ মাপনী টিভি শিল্পের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে চায়, যেখানে প্রচলিত সম্প্রচার মাধ্যম ও স্ট্রিমিং নেটওয়ার্ক কীভাবে মোট দর্শকসংখ্যা অনুমান করে তা অন্তর্ভুক্ত।
ইউটিউব স্পষ্ট করেছে যে, টিভিতে একসঙ্গে কতজন দেখছেন তা বুঝতে তারা ‘ক্যামেরা বা মাইক্রোফোনের মতো কোনো ডিভাইসের’ সাহায্য নেবে না। বরং মানুষের বয়স, লিঙ্গ, অঞ্চল এবং দেখার সময়ের ভিত্তিতে প্রাইভেসি‑পরিসংখ্যানগত পদ্ধতির মাধ্যমে অতিরিক্ত দর্শক বা ভিউ হিসাব করা হবে, তবে এ পদ্ধতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।
এই ব্যবস্থা অনুসারে ভিডিওর প্রকাশ্য ভিউ সংখ্যা ও ওয়াচ টাইম আগের চেয়ে বেশি দেখা যাবে, তবে ‘কো-ভিউ’ মানদণ্ডটি আগের ভিডিওগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইউটিউবের একটি বিবৃতি অনুযায়ী, “কো-ভিউ বিজ্ঞাপনের আয় বা ওয়াইপিপি শর্তাবলীর ওপর কোনো প্রভাব ফেলবে না। নির্মাতাদের আয়, অ্যাডসেন্স থেকে অর্থ প্রাপ্তি ও ইউটিউব পার্টনার প্রোগ্রামের যোগ্যতা আগের মতোই যোগ্য ভিউ ও ওয়াচ আওয়ারের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে।”
ফলস্বরূপ কন্টেন্ট নির্মাতারা তাদের চ্যানেলের কৌশল নির্ধারণ, ব্র্যান্ডের সঙ্গে কাজের প্রস্তাব এবং অন্যান্য পরিকল্পনার জন্য আরও বেশি তথ্য পাবেন, যদিও বিজ্ঞাপন আয় ও পার্টনারশিপের শর্তাবলীতে কোনো পরিবর্তন হবে না।